ব্যবসায় উদ্যোগ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব জাকির পেশায় একজন চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি আবিষ্কারের কাজও করে থাকেন। সম্প্রতি তিনি নতুন এক ধরনের খাবার স্যালাইন আবিষ্কার করেছেন, যা সহজেই পানিতে দ্রবণীয় এবং দ্রুত পানিশূন্যতা দূর করে। আমাদের দেশে এর আগে এমন স্যালাইন আর কেউই আবিষ্কার করেনি। তাই তিনি চাচ্ছেন এমন কোনো ব্যবস্থা, যার মাধ্যমে তার এ আবিষ্কারের স্বত্ব তারই থাকবে। এক আইনজীবী বন্ধুর সাহায্যে তিনি সরকারের কাছ থেকে এ মর্মে স্বীকৃতি পেলেন। তিনি ভাবছেন, এতে তার আবিষ্কারটি অক্ষুণ্ণ থাকবে; পাশাপাশি আর্থিকভাবেও তিনি ক্ষতির মুখে পড়বেন না।
- ক)(1)
ফ্রানসাইজিং কী?
- খ)(2)
জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব জাকির কর্তৃক খাবার স্যালাইন আবিষ্কার কোন ধরনের সম্পদের অন্তর্ভুক্ত? বিশ্লেষণ করো।
- ঘ)(4)
স্যালাইন আবিষ্কার আইনগত স্বত্ব জনাব জাকিরকে কোন কোন সুবিধা প্রদান করে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্র্যানসাইজিং বলে।
- খ)
বিমাকে সাধারণভাবে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। কিন্তু জীবন বিমার বিষয়বস্তু হলো মানুষের জীবন।
মানুষের জীবনের ক্ষতিপূরণের নিশ্চয়তা কেউ দিতে পারে না। বিমাকারী মৃত্যু বা নির্দিষ্ট সময় পরে একটি নির্ধারিত অর্থ প্রদান করে মাত্র। তাই জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। - গ)
জনাব জাকিরের খাবার স্যালাইন আবিষ্কার মেধাসম্পদ বা বুদ্ধিবৃত্তিক সম্পদের অন্তর্ভুক্ত।
মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ। ব্যবসায়, শিল্পে বা বাণিজ্যে প্রয়োগ উপযোগী আবিষ্কার এর অন্তর্ভুক্ত। জাকির দীর্ঘ প্রচেষ্টায় নতুন ধরনের একটি স্যালাইন আবিষ্কার করেছেন, যা আগে দেশে কেউ করেনি। আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ সরকার থেকে স্বত্ব পাওয়ায় এটি পেটেন্ট। পেটেন্ট মেধাসম্পদের একটি অন্যতম রূপ, যার অন্য দুটি হলো ট্রেডমার্ক ও কপিরাইট।
- ঘ)
জনাব জাকিরের স্যালাইন আবিষ্কারের আইনগত স্বত্বকে পেটেন্ট বলে। এটি তাঁকে নিচের সুবিধাগুলো দেয়।
১. একচেটিয়া মালিকানা: আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ নির্দিষ্ট সময়ের জন্য স্যালাইনটির একচেটিয়া মালিকানা তাঁর থাকবে।
২. অন্যের ব্যবহার বন্ধ: ওই সময়ে অন্য কেউ তাঁর অনুমতি ছাড়া স্যালাইনটি তৈরি, ব্যবহার বা বিক্রয় করতে পারবে না। ফলে আবিষ্কারটি অক্ষুণ্ণ থাকবে।
৩. আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা: নকল পণ্য বাজারে বিক্রি করে কেউ তাঁকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বিধি লঙ্ঘন করলে তিনি আইনি প্রতিকার চাইতে পারবেন।
৪. পরিশ্রমের স্বীকৃতি: তাঁর দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমলব্ধ ফল তিনি নিজে ভোগ করতে পারবেন।সুতরাং, পেটেন্ট জাকিরের আবিষ্কারকে আইনি সুরক্ষা দিয়ে তাঁর আর্থিক স্বার্থ রক্ষা করবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও