ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

দৃশ্যকল্প-১: ফয়সাল চট্টগ্রামে বাস করে। সম্প্রতি নারায়ণগঞ্জে চাকরি লাভকরায় সে নারায়ণগঞ্জ বসবাস শুরু করে।দৃশ্যকল্প-২: আলম ও রিপন দুই ভাই। আলম পশুপালন করে জীরিকা নির্বাহ করে। 'ভাপরদিকে রিপন একজন খুচরা বিক্রেতা।

  1. ক)

    কাম্য জনসংখ্যা কাকে বলে?

    (1)
  2. খ)

    শক্তি সম্পদের সান্নিধ্যের উপর শিল্পের অবস্থান নির্ভরশীল কেন?

    (2)
  3. গ)

    অভিবাসনের প্রকৃতি অনুযায়ী ফয়সাল কোন ধরনের অভিবাসন করেছে? বর্ণনা দাও

    (3)
  4. ঘ)

    আলম ও রিপনের কর্মকাণ্ডগুলো কি একই পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? তোমার মতামত বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য থাকলে তাকে কাম্য জনসংখ্যা বলে।

  2. খ)

    কারখানা চালানোর জন্য শক্তির প্রয়োজন হয়। বড় কারখানা চালাতে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ ইত্যাদি লাগে।
    শক্তি সম্পদ সস্তায় ও সহজে পাওয়া গেলে উৎপাদন ব্যয় কমে। তাই যেসব অঞ্চলে প্রচুর শক্তি সম্পদের সরবরাহ থাকে, সেখানেই সাধারণত শিল্প কেন্দ্রীভূত হয়। এজন্য শিল্পের অবস্থান শক্তি সম্পদের সান্নিধ্যের ওপর নির্ভরশীল।

  3. গ)

    ফয়সাল নিজের ইচ্ছায় চাকরির জন্য চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে এসেছে। তাই অভিবাসনের প্রকৃতি অনুযায়ী সে অবাধ বা স্বেচ্ছা অভিবাসন (Voluntary migration) করেছে।

    প্রকৃতি অনুযায়ী অভিবাসন দুই প্রকার- অবাধ ও বলপূর্বক। নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে পছন্দমতো স্থানে বসবাস করাকে অবাধ অভিবাসন বলে। ফয়সালকে কেউ বাধ্য করেনি; বরং কর্মসংস্থানের আকর্ষণে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে। স্থানভেদে এটি রাষ্ট্র অভ্যন্তরীণ অভিবাসন, কারণ সে দেশের সীমানার মধ্যেই এক জেলা থেকে অন্য জেলায় গেছে।

  4. ঘ)

    না, আলম ও রিপনের কর্মকাণ্ড একই পর্যায়ের নয়।

    ১. আলম: পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। পশুপালন প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ, তাই এটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। কৃষি, মৎস্য শিকার, কাঠ সংগ্রহ, খনিজ উত্তোলন একই পর্যায়ের।
    ২. রিপন: খুচরা বিক্রেতা, অর্থাৎ ব্যবসায় করেন। ব্যবসা-বাণিজ্য ও পরিবহনের মতো কাজে উৎপাদিত পণ্যের উপযোগিতা বাড়ে এবং সেবাকার্য সম্পাদিত হয়। তাই এটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।
    ৩. পার্থক্য: প্রথম পর্যায়ে মানুষ সরাসরি প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে, আর তৃতীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পণ্যের বণ্টন ও সেবা সম্পাদিত হয়।

    সুতরাং, আলমের কাজ প্রথম পর্যায়ের এবং রিপনের কাজ তৃতীয় পর্যায়ের, তাই দুজনের কর্মকাণ্ড একই পর্যায়ের নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন