ফিন্যান্স ও ব্যাংকিং • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫
ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন
দৃশ্যপট-১: তাসফিন এমন একটি ব্যাংকে চাকরি করেন, যেই ব্যাংকের নাম টাকার নোটের উপর লিপিবদ্ধ থাকে।দৃশ্যপট-২: তামজিদ একটি ব্যাংকে চাকরি করেন। এই ব্যাংক তাসফিনের বাংকের নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন করে এবং সময়ে সময়ে রিপোর্ট প্রেরণ করে।
- ক)(1)
নিকাশ ঘর কী?
- খ)(2)
কেন্দ্রীয় ব্যাংককে কেন সরকারের ব্যাংক বলা হয়? ব্যাখ্যা কর।
- গ)(3)
তাসফিনের কর্মরত ব্যাংকটির ধরন ব্যাখ্যা কর।
- ঘ)(4)
তাসফিন ও তামজিদের কর্মরত ব্যাংক দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
নিকাশ ঘর হলো এমন প্রতিষ্ঠান বা ব্যবস্থা, যেখানে বিভিন্ন ব্যাংক তাদের মধ্যকার চেক ও অন্যান্য পারস্পরিক দেনা-পাওনা নিষ্পত্তি করে।
- খ)
কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার, এজেন্ট ও উপদেষ্টা হিসেবে কাজ করে, তাই একে সরকারের ব্যাংক বলা হয়। এটি সরকারের হিসাব রাখে এবং সরকারের পক্ষে অর্থ গ্রহণ ও প্রদান করে। প্রয়োজনে সরকারকে ঋণ দেয় ও সরকারি ঋণ পরিচালনা করে। এছাড়া সরকারকে আর্থিক ও মুদ্রানীতি বিষয়ে পরামর্শ দেয়।
- গ)
তাসফিনের কর্মরত ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।
উদ্দীপকে বলা হয়েছে, এই ব্যাংকের নাম টাকার নোটের ওপর লেখা থাকে। নোট ইস্যু করার একচেটিয়া ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থার নিয়ন্ত্রক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক। তাই তাসফিনের ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক, যেমন বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক।
- ঘ)
তাসফিনের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এবং তামজিদের ব্যাংক বাণিজ্যিক ব্যাংক। তাদের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রিতের।
১. নীতি ও নির্দেশনা: কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ও ঋণনীতি প্রণয়ন করে। বাণিজ্যিক ব্যাংক সেই নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন করে, যা উদ্দীপকেও দেখা যায়।
২. তদারকি ও প্রতিবেদন: কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম তদারকি করে। বাণিজ্যিক ব্যাংক নিয়মিত প্রতিবেদন পাঠায়।
৩. নগদ জমা ও ঋণ সহায়তা: বাণিজ্যিক ব্যাংক নগদ অর্থের একাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। সংকটে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে সাহায্য করে।
৪. লেনদেন নিষ্পত্তি: নিকাশ ঘরের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের লেনদেন কেন্দ্রীয় ব্যাংক নিষ্পত্তি করে।সুতরাং, কেন্দ্রীয় ব্যাংক অভিভাবক ও নিয়ন্ত্রক, আর বাণিজ্যিক ব্যাংক তার নীতির বাস্তবায়নকারী; একে অপরের পরিপূরক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও