ভূগোল এবং পরিবেশ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

দৃশ্যকল্প-১: দুই প্রতিবেশী মনির ও কাসেমের জমির সীমানা নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। স্থানীয় ভূমি অফিসের 'সার্ভেয়ার' একটি বিশেষ মানচিত্র ব্যবহার করে তাদের সমস্যা সমাধান করেন.।দৃশ্যকল্প-২: সেলিম সাহেব একটি গবেষণা প্রতিষ্ঠানের জন্য মানচিত্র অঙ্কন করেন। তাঁর মানচিত্রে সমগ্র পৃথিবীকে অথবা, পৃথিবীর অংশবিশেষকে এক পৃষ্ঠায় দেখানো হয়। এসব মানচিত্রে বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক, সাংস্কৃতিক ও কৃষিভিত্তিক বৈশিষ্ট্যবলিও প্রদর্শন করা হয়।

  1. ক)

    স্থানীয় সময় কাকে বলে?

    (1)
  2. খ)

    পূর্ব দিকের দেশসমূহে আগে সূর্য উঠে কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    দৃশ্যকল্প-২ এ বর্ণিত মানচিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত মানচিত্রের মধ্যে কোনটি ব্যবহারিক ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? যুক্তিসহ বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    স্থানীয় সময়: আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয়, তাকে স্থানীয় সময় বলে। কোনো স্থানে সূর্য ঠিক মাথার ওপর এলে সেখানে মধ্যাহ্ন ধরা হয়।

  2. খ)

    পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষে আবর্তন করে। এ কারণে পৃথিবীর পূর্ব দিকের অংশে আগে সূর্যের আলো পড়ে এবং আগে সূর্যোদয় ও মধ্যাহ্ন হয়। তাই পূর্ব দিকের দেশগুলোতে আগে সূর্য ওঠে, আর পশ্চিমের দেশগুলোতে পরে।

  3. গ)

    দৃশ্যকল্প-২-এ বর্ণিত মানচিত্রটি ভূচিত্রাবলি বা এটলাস মানচিত্র (Atlas map)। এর বৈশিষ্ট্য:

    ১. এটি সাধারণত খুব ছোট স্কেলে তৈরি হয়।
    ২. একটি পৃষ্ঠায় সমগ্র পৃথিবী বা এর অংশবিশেষ, এমনকি বাংলাদেশের জেলাগুলোও দেখানো যায়।
    ৩. প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কৃষিভিত্তিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তৈরি হয়।
    ৪. স্থানের অভাবে বেশির ভাগ বৈশিষ্ট্য রং দিয়ে বোঝানো হয়। পাহাড়ের চূড়া, গুরুত্বপূর্ণ নদী ও রেলপথের জন্য প্রতীক ব্যবহার করা হয়।

  4. ঘ)

    দৃশ্যকল্প-১-এর মানচিত্র ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র এবং দৃশ্যকল্প-২-এর মানচিত্র এটলাস মানচিত্র। আমার মতে ব্যবহারিক ক্ষেত্রে দৃশ্যকল্প-১-এর ক্যাডাস্ট্রাল মানচিত্র অধিক গুরুত্বপূর্ণ।

    ১. নির্ভুল সীমানা: এটি বৃহৎ স্কেলে আঁকা হয় এবং রেজিস্ট্রিকৃত ভূমির মালিকানার সীমানা নিখুঁতভাবে দেখায়। মনির ও কাসেমের সীমানা বিরোধ এর সাহায্যে মেটানো সম্ভব।
    ২. ভূমি ব্যবস্থাপনা ও কর: এই মানচিত্র হিসাব করেই সরকার ভূমির মালিকের কাছ থেকে কর আদায় করে।
    ৩. তুলনা: এটলাস মানচিত্র ছোট স্কেলে বলে এতে বিস্তারিত তথ্য কম থাকে। এটি সাধারণ জ্ঞান, শিক্ষা ও গবেষণায় কাজে লাগে, কিন্তু সীমানা নির্ধারণের মতো প্রত্যক্ষ ব্যবহারিক কাজে নয়।

    সুতরাং, জমি ও সম্পত্তির মতো প্রত্যক্ষ ব্যবহারিক কাজে ক্যাডাস্ট্রাল মানচিত্র অধিক গুরুত্বপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন