ব্যবসায় উদ্যোগ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. হেলাল বেশ কয়েকজন কর্মী নিয়ে সিরামিকের ব্যবসায় করেন। তিনি কর্মীদের মধ্যে সুনির্দিষ্টভাবে দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করেন। তাদের সাথে পরামর্শ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন। কর্মীরা বিনয়ের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু মাঝে মাঝে কর্মীরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। হেলাল বিষয়টি বুঝতে পেরে তাদের বেতন বাড়িয়ে দেন এবং দুই ঈদে বোনাসের ব্যবস্থা করেন। ফলে কর্মীরা বর্তমানে আগ্রহ নিয়ে কাজ করছে।
- ক)(1)
আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
- খ)(2)
বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস-ব্যাখ্যা করো।
- গ)(3)
মি. হেলালের কার্যক্রমে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পায়? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
মি. হেলালের কোন ধরনের পদক্ষেপের ফলে কর্মীরা আগ্রহসহ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আধুনিক ব্যবস্থাপনার জনক ফ্রান্সের ব্যবস্থাপনাবিদ হেনরি ফেওল (Henri Fayol)।
- খ)
ব্যবসায়ের জন্য শুরুতে, কার্যক্রম সচল রাখতে ও সম্প্রসারণে অর্থের প্রয়োজন হয়। সোনালী, জনতা, রূপালীর মতো সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ীদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে নগদ অর্থ ধার দেয়। এই ব্যাংকগুলো সারা দেশে ছড়িয়ে আছে এবং সহজে ঋণ পাওয়া যায়। তাই বাণিজ্যিক ব্যাংককে ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস বলা হয়।
- গ)
মি. হেলালের কার্যক্রমে গণতান্ত্রিক নেতৃত্ব প্রকাশ পায়।
১. গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা করেন, তাদের পরামর্শ নেন, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং তাদের প্রশ্ন করার সুযোগ দেন।
২. উদ্দীপকে হেলাল কর্মীদের সাথে দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করেন, পরামর্শ করে তথ্য সংগ্রহ করেন এবং তাদের প্রশ্ন করার সুযোগ দেন।
৩. ফলে কর্মীরা বিনয়ের সাথে দায়িত্ব পালন করে।অতএব, হেলালের কার্যক্রমে গণতান্ত্রিক নেতৃত্ব প্রকাশ পায়।
- ঘ)
কর্মীরা মাঝে মাঝে কাজে আগ্রহ হারালে হেলাল বেতন বাড়ান এবং দুই ঈদে বোনাসের ব্যবস্থা করেন। এটি ব্যবস্থাপনার প্রেষণাদান (Motivating) কাজের অন্তর্ভুক্ত পদক্ষেপ।
১. প্রেষণা হলো কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়া। প্রেষণা পেলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয় এবং মানসম্মত কাজ করতে পারে।
২. বেতন বৃদ্ধি ও বোনাস আর্থিক প্রেষণা। এতে কর্মীদের জীবনযাত্রার মান ও আর্থিক নিরাপত্তা বাড়ে।
৩. এ ধরনের পদক্ষেপে কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য ও আন্তরিকতা তৈরি হয় এবং কাজে অনীহা দূর হয়।সুতরাং, বেতন বৃদ্ধি ও বোনাসরূপ প্রেষণাদানের ফলেই হেলালের কর্মীরা আগ্রহসহ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হচ্ছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও