বিজ্ঞান • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫
বিজ্ঞান প্রশ্ন
- ক)(1)
রক্তরস কাকে বলে?
- খ)(2)
গর্ভবতী মহিলার ক্ষেত্রে Rh ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কেন?
- গ)(3)
মানবদেহে রক্তকণিকা 'P' এর গুরুত্ব ব্যাখ্যা কর।
- ঘ)(4)
উদ্দীপকের 'Q' অঙ্গটি কীভাবে আমাদের দেহকে সচল রাখে? বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। এর প্রায় ৯০% পানি।
- খ)
গর্ভবতী মহিলার ক্ষেত্রে Rh ফ্যাক্টর গুরুত্বপূর্ণ, কারণ মা Rh- এবং বাবা Rh+ হলে সন্তান Rh+ হয়। ভ্রূণের Rh+ রক্ত প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে পৌঁছালে মায়ের রক্তরসে Rh+-এর বিপরীত অ্যান্টিবডি তৈরি হয়। প্রথম সন্তানের ক্ষতি হয় না, কিন্তু দ্বিতীয় সন্তান গর্ভে এলে সেই অ্যান্টিবডি ভ্রূণের লোহিত কণিকা ধ্বংস করে। ফলে গর্ভপাত, ভ্রূণের মৃত্যু, নবজাতকের রক্তস্বল্পতা ও জন্ডিস হতে পারে। তাই বিয়ের আগে রক্তের গ্রুপ পরীক্ষা করা উচিত।
- গ)
চিত্রের P রক্তকণিকাটির মধ্যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, তাই এটি শ্বেত রক্তকোষ (WBC)। মানবদেহে এর গুরুত্ব নিচে দেওয়া হলো।
১. রোগ প্রতিরোধ: দেহে রোগজীবাণু প্রবেশ করলে মনোসাইট ও নিউট্রোফিল জাতীয় শ্বেত কোষ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে।
২. অ্যান্টিবডি গঠন: লিম্ফোসাইট জাতীয় শ্বেত কোষ অ্যান্টিবডি তৈরি করে দেহের ভেতরের জীবাণু ধ্বংস করে এবং বাইরের জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে।
৩. এরা রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করে জীবাণুর বিরুদ্ধে লড়তে পারে।
৪. দেহে জীবাণুর আক্রমণ ঘটলে শ্বেত কোষের সংখ্যা দ্রুত বেড়ে যায়, ফলে দেহ রোগমুক্ত থাকে। তাই এটি দেহের প্রতিরক্ষা বাহিনী।
- ঘ)
উদ্দীপকের Q অঙ্গটি হৃৎপিণ্ড। এটি নিচের উপায়ে আমাদের দেহকে সচল রাখে।
১. পাম্পের কাজ: হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো ছন্দের তালে অনবরত সংকুচিত (সিস্টোল) ও প্রসারিত (ডায়াস্টোল) হয়ে ধমনি ও শিরার মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালন করে। একটি স্পন্দনে প্রায় ০.৮ সেকেন্ড লাগে এবং সুস্থ মানুষের হৃৎস্পন্দন প্রতি মিনিটে ৬০-১০০ বার হয়।
২. অক্সিজেন ও খাদ্যসার সরবরাহ: ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে দেহকোষে পৌঁছায়। রক্ত খাদ্যসার ও হরমোনও বহন করে।
৩. বর্জ্য অপসারণ: কার্বন ডাই-অক্সাইডযুক্ত রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে গিয়ে কার্বন ডাই-অক্সাইড ছাড়ে। রক্ত নাইট্রোজেনঘটিত বর্জ্য কিডনিতে বহন করে।
৪. রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে।
সুতরাং, হৃৎপিণ্ড সচল থাকলেই দেহের প্রতিটি কোষ প্রয়োজনীয় উপাদান পায় ও বর্জ্য মুক্ত থাকে, যার ফলে দেহ সচল থাকে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও