বাংলা ২য় পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৬

বাংলা ২য় পত্র প্রশ্ন

3.1.

সারাংশ লেখো:
অভ্যাস ভয়ানক জিনিস—একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হবার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক কর সপ্তাহে অন্তত একদিন তুমি মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস কর। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা কর, সপ্তাহে তুমি দুইদিন মিথ্যা বলবে না। এক বছর পর দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে তখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনও ইচ্ছা কোরো না। তাহলে সব পণ্ড হবে।

3.2.

সারমর্ম লেখো:
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।
চলে যেতে হবে আমাদের।
চলে যাব—তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

উত্তর ও ব্যাখ্যা

৩.১ সারাংশ

অভ্যাস একটি শক্তিশালী জিনিস, যা হঠাৎ বদলানো যায় না। তাই সত্যবাদিতার মতো কোনো গুণ অর্জন করতে চাইলে ধৈর্য ধরে ধাপে ধাপে অনুশীলন করতে হয়। প্রথমে অল্প সময় মিথ্যা পরিহার করে ক্রমে তা বাড়াতে হয়। এভাবে নিরন্তর সাধনার মাধ্যমে একসময় সত্য বলা স্বভাবে পরিণত হয়। আত্মগঠনে তাড়াহুড়ো করলে সব চেষ্টা বিফল হয়।

৩.২ সারমর্ম

পুরোনো প্রজন্মকে একদিন বিদায় নিতে হবে এবং নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু বেঁচে থাকা পর্যন্ত মানুষের দায়িত্ব পৃথিবীর সব জঞ্জাল ও অকল্যাণ দূর করা। এভাবে এই পৃথিবীকে নতুন প্রজন্মের বাসযোগ্য করে তুলতে প্রত্যেকের দৃঢ় অঙ্গীকার থাকা উচিত।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন