ব্যবসায় উদ্যোগ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২২

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

জনাব লিটু তার 'সাজনা' প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীদের কাজের দক্ষতা অনুযায়ী বেতন দেন। ধর্মীয় অনুষ্ঠানে উৎসব ভাতা দেওয়ার পাশাপাশি বিভিন্ন উপহারসামগ্রী দেন। এতে তার প্রতিষ্ঠানটি সফলভাবে ব্যবসায় করছে। অন্যদিকে, 'সূচনা' প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব ফাহিম কাজের দক্ষতা অর্জনের জন্য বিদেশ হতে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি অত্যন্ত সদালাপী ও দক্ষ। প্রতিষ্ঠানের সকল শ্রমিকদের সাথে নিরপেক্ষ আচরণ করেন। এছাড়া সঠিক সময়ে কাকে কোন দায়িত্ব দিতে হবে তা যথাযথভাবে অনুসরণ করেন। ফলে 'সূচনা' প্রতিষ্ঠানটি সকলের আস্থার প্রতীক হিসেবে পরিগণিত হয়েছে।

  1. ক)

    মুক্ত নেতৃত্ব বলতে কী বোঝ?

    (1)
  2. খ)

    ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে জনাব লিটুর মধ্যে ব্যবস্থাপকের কোন কার্যাবলি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব ফাহিমকে মূল্যায়ন করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মুক্ত নেতৃত্বে নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন, নিজে কাজে আগ্রহী নন, সুনির্দিষ্ট আদেশ দেন না এবং কর্মীদের জবাবদিহিতা আদায় করেন না। কর্মীরা নিজেদের ইচ্ছামতো কাজ করে। একে মুক্ত নেতৃত্ব (Laissez Faire Leadership) বলে।

  2. খ)

    ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সকল কার্যাবলিকে ব্যবসায় অর্থায়ন বলে। সাধারণ অর্থে ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকেই অর্থায়ন বলা হয়। নিজস্ব তহবিল, ব্যাংক ঋণ ও আত্মীয়-স্বজনের ঋণ এর উৎস।

  3. গ)

    জনাব লিটুর মধ্যে ব্যবস্থাপকের প্রেষণাদান (Motivating) কার্যাবলি পরিলক্ষিত হয়েছে।

    কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। এর ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালন করে এবং মানসম্মত কাজ করে। উদ্দীপকে লিটু কাজের দক্ষতা অনুযায়ী বেতন দেন, ধর্মীয় অনুষ্ঠানে উৎসব ভাতা ও উপহারসামগ্রী দেন। এসব আর্থিক ও অনার্থিক সুবিধা কর্মীদের উৎসাহিত করে, ফলে প্রতিষ্ঠানটি সফলভাবে ব্যবসায় করছে।

  4. ঘ)

    আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব ফাহিমকে নিচে মূল্যায়ন করা হলো:

    ১. শিক্ষা ও অভিজ্ঞতা: ফাহিম বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে কাজের দক্ষতা অর্জন করেছেন। শিক্ষা ও অভিজ্ঞতা নেতাকে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে।
    ২. প্রখর ব্যক্তিত্ব: তিনি সদালাপী ও দক্ষ। মার্জিত ব্যবহারের নেতাকে অধস্তনরা সম্মান করে।
    ৩. নিরপেক্ষতা: সকল শ্রমিকের সাথে নিরপেক্ষ আচরণ আদর্শ নেতার পক্ষপাতহীনতা ও সততার পরিচয়, যা কর্মীদের বিশ্বাস ও শ্রদ্ধা এনে দেয়।
    ৪. সাংগঠনিক দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণ: সঠিক সময়ে কাকে কোন দায়িত্ব দিতে হবে তা যথাযথ অনুসরণ করা সাংগঠনিক দক্ষতা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের পরিচয়।

    এসব গুণের কারণেই ‘সূচনা’ প্রতিষ্ঠানটি সকলের আস্থার প্রতীক হয়েছে। সুতরাং, ফাহিম একজন আদর্শ নেতা।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন