ব্যবসায় উদ্যোগ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২২

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

রব্বানী সাহেব একজন শিক্ষক। সম্প্রতি একুশে বইমেলায় তার রচিত 'মায়ের মর্যাদা' নামে একটি বই প্রকাশিত হয়। মেলার শুরুর দিকে পাঠকসমাজে বইটির ব্যাপক সাড়া মেলে। কিন্তু কয়েক দিন পর বইটির বিক্রয় কমে যায়। তিনি খোঁজ নিয়ে দেখলেন নীলক্ষেত এলাকায় বইটির নকল কপি পাওয়া যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এমতাবস্থায় নিকটবর্তী থানা কর্তৃপক্ষের নিকট বিষয়টি তুলে ধরলে থানা কর্তৃপক্ষ কিছু করতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেন।

  1. ক)

    BSTI-এর পূর্ণরূপ কী?

    (1)
  2. খ)

    কোন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    রব্বানী সাহেবের রচিত বইটি কোন সম্পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    রব্বানী সাহেব কোনো আইনগত সুবিধা না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    BSTI-এর পূর্ণরূপ হলো Bangladesh Standards and Testing Institution।

  2. খ)

    জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। কারণ মানুষের জীবনের আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না। জীবন বিমায় বিমাকারী চুক্তির শর্ত অনুযায়ী একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ নির্দিষ্ট সময় পরে বা বিমাগ্রহীতার মৃত্যুতে প্রদান করে। এটি কোনো ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ নয়।

  3. গ)

    রব্বানী সাহেবের রচিত বইটি মেধাসম্পদ বা বুদ্ধিবৃত্তিক সম্পদের অন্তর্ভুক্ত। এই সম্পদ কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়।

    মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ। গল্প, নাটক, প্রবন্ধ বা বইয়ের মতো সাহিত্যকর্ম মেধাসম্পদের অংশ। কপিরাইট এর স্রষ্টাকে সৃষ্ট সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার দেয়। রব্বানী সাহেবের 'মায়ের মর্যাদা' বইটি তার মেধা ও সৃজনশীলতার ফসল, তাই এটি কপিরাইটযোগ্য মেধাসম্পদ।

  4. ঘ)

    রব্বানী সাহেব আইনগত সুবিধা না পাওয়ার কারণ বিশ্লেষণ করা হলো।

    ১. কপিরাইট নিবন্ধন না করা: উদ্দীপকে বইটির কপিরাইট নিবন্ধনের কথা নেই। কপিরাইট নিবন্ধন না থাকলে বইয়ের ওপর স্বত্বাধিকার আইনগতভাবে প্রমাণ করা কঠিন হয়।
    ২. আইনি সুরক্ষার অভাব: কপিরাইট রক্ষার ব্যবস্থা না থাকলে স্বত্বাধিকারী ক্ষতিগ্রস্ত হন। নিবন্ধন করা থাকলে নকলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত।
    ৩. থানা কর্তৃপক্ষের অক্ষমতা: নিবন্ধিত প্রমাণ না থাকায় থানা কর্তৃপক্ষ কিছু করতে পারেননি।

    সুতরাং, কপিরাইট নিবন্ধন না করার কারণেই রব্বানী সাহেব নকলকারীদের বিরুদ্ধে কোনো আইনগত সুবিধা পাননি।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন