বিজ্ঞান • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৩

বিজ্ঞান প্রশ্ন

P : তস্তু তাপ কুপরিবাহী, নমনীয়, স্থিতিস্থাপক ও কুঞ্চন প্রতিরোধী। Q : একপ্রকার পোকার গুটি থেকে বিশেষ প্রক্রিয়ায় আহরিত তন্তু। R : প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান তন্তু।

  1. ক)

    তন্তু কাকে বলে?

    (1)
  2. খ)

    বাকেলাইটকে কেন থার্মোসেটিং প্লাস্টিকস বলা হয়?

    (2)
  3. গ)

    Q তন্তু সংগ্রহ পদ্ধতি ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    P ও R তন্তু দিয়ে তৈরি পোশাকের মধ্যে একটি গরমের দিনে উপযোগী হলেও অপরটি শীতের দিনে উপযোগী-বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যে সরু, লম্বা ও নমনীয় সুতার মতো পদার্থ থেকে সুতা তৈরি করে কাপড় বোনা হয়, তাকে তন্তু বলে।

  2. খ)

    বাকেলাইট তাপ দিলে নরম হয় না, বরং পুড়ে শক্ত হয়ে যায়। একবার এই আকার পাওয়ার পর একে আবার গলিয়ে ছাঁচে ফেলে নতুন আকার দেওয়া যায় না। প্লাস্টিকের এই ধর্মের কারণে বাকেলাইটকে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়।

  3. গ)

    Q তন্তুটি একপ্রকার পোকার গুটি থেকে বিশেষ প্রক্রিয়ায় আহরিত, অর্থাৎ এটি রেশম।

    সংগ্রহ পদ্ধতি:
    ১. রেশম পোকা থেকে এক ধরনের গুটি (কোকুন) তৈরি হয়। পরিণত গুটি সাবান পানিতে লোহার কড়াইতে সেদ্ধ করা হয়।
    ২. সেদ্ধ করলে ভেতরের পোকা মরে যায়, গুটি নরম হয় এবং ওপরের খোসা সহজে আলাদা হয়।
    ৩. খোসা উঠে গেলে রেশমি তন্তুর প্রান্ত (নাল) পাওয়া যায়। এই নাল ধরে আস্তে টানলে লম্বা সুতা বের হয়ে আসে।
    ৪. চিকন সুতার জন্য ৫-৭টি এবং মোটা সুতার জন্য ১৫-২০টি গুটির নাল একত্রে চরকায় টানা হয়। নালের গায়ের আঠায় সেগুলো জুড়ে সুতার গোছা তৈরি হয়।
    রেশমের ক্ষেত্রে সরাসরি সুতা পাওয়া যায়, তাই কার্ডিং বা স্পিনিংয়ের মতো আলাদা প্রক্রিয়ার দরকার হয় না।

  4. ঘ)

    P হলো পশম (তাপ কুপরিবাহী, নমনীয়, স্থিতিস্থাপক ও কুঞ্চন প্রতিরোধী), Q হলো রেশম এবং R হলো সুতি (প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান)। P ও R-এর মধ্যে একটি গরমের দিনে এবং অপরটি শীতের দিনে উপযোগী।

    ১. P (পশম) শীতের দিনে উপযোগী: পশম তন্তুর মাঝে ফাঁকা জায়গায় বাতাস আটকে থাকে। বাতাস তাপ অপরিবাহী, তাই পশমি কাপড় শরীরের তাপ বেরিয়ে যেতে দেয় না। ফলে শীতে গরম অনুভূত হয়।
    ২. R (সুতি) গরমের দিনে উপযোগী: সুতি তন্তু ঘাম শোষণ করে এবং বাতাস চলাচলে সহায়ক। তাই গরমে এটি আরামদায়ক। এছাড়া সুতি বস্ত্র টেকসই এবং ব্যবহারের জন্য বিশেষ কোনো ব্যবস্থার দরকার হয় না।
    ৩. পশম তাপ আটকে রাখে বলে গরমের দিনে অস্বস্তিকর হয়।

    সুতরাং, পশমি পোশাক শীতের দিনে এবং সুতি পোশাক গরমের দিনে উপযোগী।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন