ব্যবসায় উদ্যোগ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. আলম একজন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করে তাদের মতামতের মূল্যায়ন করেন। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনের মান, বেড়েছে। তবে কিছুদিন থেকে কর্মীদের। মাঝে অবাধ্যতা দেখা দেওয়ায় তিনি নেতৃত্বের ধরনে পরিবর্তন আনার চিন্তা করছেন। তিনি মার্জিত ব্যবহার ও সম্মোহনী ক্ষমতার দ্বারা সাহস ও সততার সাথে কর্মীদের অসন্তোষ দূর করার চেষ্টা করছেন।
- ক)(1)
আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
- খ)(2)
নেতৃত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
- গ)(3)
মি. আলম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে কীরূপ নেতৃত্ব অনুসরণ করেছন?
- ঘ)(4)
একজন ব্যবস্থাপক হিসেবে মি. আলমের মাঝে আদর্শ নেতার কী কী গুণাবলি পরিলক্ষিত হয়? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ফ্রান্সের ব্যবস্থাপনাবিদ হেনরি ফেওল (Henri Fayol) আধুনিক ব্যবস্থাপনার জনক।
- খ)
ব্যবসায়ের ক্ষেত্রে নেতৃত্ব বলতে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে বোঝায়। যিনি নেতৃত্ব দেন তিনি নেতা। নেতা নিজের গুণ, ব্যক্তিত্ব ও দক্ষতা দিয়ে কর্মীদের অনুপ্রাণিত ও পরিচালনা করেন, যাতে তারা আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করে। উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ করে, আর অযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠানকে ব্যর্থ করে দিতে পারে।
- গ)
মি. আলম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব (Democratic Leadership) অনুসরণ করেছেন।
পাঠ্যবই অনুযায়ী গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধঃস্তনদের সাথে আলোচনা করেন, তাদের পরামর্শ গ্রহণ করেন, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং প্রশ্ন করার সুযোগ দেন। উদ্দীপকে মি. আলম কর্মীদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করে তাদের মতামতের মূল্যায়ন করতেন। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনের মান বেড়েছে। তাই তাঁর অনুসৃত নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্ব।
- ঘ)
মি. আলমের মধ্যে একজন আদর্শ নেতার নিম্নলিখিত গুণাবলি পরিলক্ষিত হয়।
১. প্রখর ব্যক্তিত্ব: আদর্শ নেতা মার্জিত ব্যবহার ও সম্মোহনী ক্ষমতা মিশ্রিত ব্যক্তিত্বের অধিকারী হন, যাকে অধস্তনরা সম্মান করে। উদ্দীপকে মি. আলম মার্জিত ব্যবহার ও সম্মোহনী ক্ষমতা কাজে লাগিয়ে কর্মীদের অসন্তোষ দূর করার চেষ্টা করছেন।
২. সাহস ও সততা: নেতাকে সাহসী ও ন্যায়নিষ্ঠ হতে হয়, কারণ এর মাধ্যমে তিনি অন্যের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করেন। মি. আলম সাহস ও সততার সাথে সমস্যা মোকাবিলা করছেন।
৩. মানবিক সম্পর্ক অনুধাবন: সহকর্মীদের আশা-আকাঙ্ক্ষা ও মনোভাব বোঝা নেতার জন্য জরুরি। কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামতের মূল্যায়ন করা এই গুণের পরিচায়ক।
৪. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: কর্মীদের মধ্যে অবাধ্যতা দেখা দেওয়ায় পরিস্থিতি অনুযায়ী নেতৃত্বের ধরন পরিবর্তনের চিন্তা তাঁর দূরদর্শিতা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা প্রকাশ করে।সুতরাং, ব্যক্তিত্ব, সাহস, সততা, মানবিক সম্পর্ক অনুধাবন ও সিদ্ধান্ত গ্রহণের গুণে মি. আলম একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য ধারণ করেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও