ভূগোল এবং পরিবেশ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৬

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

দৃশ্যকল্প-১: মায়ান পারিবারিক ভ্রমণে কুয়াকাটা সৈকতে গিয়ে দেখতে পায়, দিনের এক সময় সমুদ্রের পানি উপরে উঠে আসলেও অন্য সময় নেমে যায়।
দৃশ্যকল্প-২: জনাব নূর একজন তরুণ নাবিক। সম্প্রতি পণ্য বোঝাই জাহাজ নিয়ে তিনি সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক গমন করেন। যাত্রাপথে খেয়াল করেন, সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে।

  1. ক)

    হ্রদ কাকে বলে?

    (1)
  2. খ)

    মহীসোপান সংকীর্ণ হয় কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    মায়ানের পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    মানবজীবনে দৃশ্যকল্প-২ এর প্রভাব বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    স্থলভাগের মধ্যে চারদিক দিয়ে স্থলবেষ্টিত বিস্তীর্ণ জলরাশিকে হ্রদ বলে।

  2. খ)

    মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে উপকূলের স্থলভাগ হঠাৎ উঁচু হয়ে ওঠে। ফলে সমুদ্রতলেও ঢাল খাড়া হয়ে মহীসোপান সংকীর্ণ হয়। যেমন, আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান মালভূমি বলে এর পূর্ব ও পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে রকি পর্বতের কারণেও মহীসোপান সংকীর্ণ।

  3. গ)

    দৃশ্যকল্প-১ এ মায়ান কুয়াকাটায় দেখেছে সমুদ্রের পানি কখনো উপরে উঠে আসছে, আবার কখনো নেমে যাচ্ছে। এটি জোয়ার-ভাটা। এর কারণ প্রধানত দুটি।

    ১. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি: চাঁদ পৃথিবীর অনেক কাছে বলে তার আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে ও জোয়ার হয়। সূর্যের আকর্ষণ তুলনামূলক কম। চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকলে জোয়ার অত্যন্ত প্রবল হয়।
    ২. পৃথিবীর আবর্তনের কেন্দ্রাতিগ শক্তি: আবর্তনের ফলে কেন্দ্রাতিগ শক্তি সৃষ্টি হয়। এর প্রভাবে মহাকর্ষের বিপরীত দিকে জল বিক্ষিপ্ত হয়ে আরেকটি জোয়ার সৃষ্টি করে।

  4. ঘ)

    দৃশ্যকল্প-২ এ নূর দেখেছেন সমুদ্রের পানি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করছে। এটি সমুদ্রস্রোত। মানবজীবনে এর প্রভাব বিশ্লেষণ করা হলো।

    ১. তাপমাত্রার ওপর: উষ্ণ স্রোত তাপমাত্রা বাড়ায়, ফলে শীতকালেও বন্দর বরফমুক্ত থাকে। শীতল স্রোত শীতলতা বাড়ায়, যেমন ল্যাব্রাডর স্রোতে কানাডার পূর্ব উপকূল বরফাচ্ছন্ন থাকে।
    ২. পরিবহনে: স্রোতের অনুকূলে জাহাজ ও নৌকা চলাচলে সুবিধা হয়। উত্তর আটলান্টিক স্রোতের অনুকূলে সর্বাধিক জাহাজ চলে। তবে শীতল স্রোতের পথে হিমশৈল ও কুয়াশা জাহাজের জন্য বিপজ্জনক।
    ৩. আবহাওয়ায়: উষ্ণ স্রোতের ওপর দিয়ে আসা বায়ু জলীয়বাষ্প বহন করে উপকূলে বৃষ্টি ঘটায়, আর শীতল স্রোত মরুভূমি সৃষ্টি করে।
    ৪. মৎস্য আহরণ: উষ্ণ ও শীতল স্রোতের মিলনে মগ্নচড়া সৃষ্টি হয়, যা মাছ ধরার শ্রেষ্ঠ ক্ষেত্র।

    সুতরাং, সমুদ্রস্রোত মানুষের জীবনযাত্রা, পরিবহন ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন