ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব আরিফ একটি শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিচালক। শিশুখাদ্য প্রস্তুত করে বাজারজাত করার পূর্বে প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণে সন্তোষজনক হওয়ায় সরকার কর্তৃক একটি সনদপত্র গ্রহণ করে। তাঁর প্রতিষ্ঠান যাতে অদূর ভবিষ্যতে হুমকির সম্মুখীন না হয় সে জন্য তিনি লোকসান পূরণে অন্য একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন।
- ক)(1)
লাইসেন্স কী?
- খ)(2)
স্বাতন্ত্র্যতাই মার্ক বা প্রতীকের মূল বিষয়'-ব্যাখ্যা কর।
- গ)(3)
জনাব আরিফ কোন সংস্থার মাধ্যমে পণ্যের মান যাচাই করেন? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
উদ্দীপকের আলোকে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ব্যবসায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যে অনুমোদন বা নিবন্ধন নিতে হয়, তাকে লাইসেন্স বলে।
- খ)
ট্রেডমার্ক হলো কোনো পণ্যকে অন্যের অনুরূপ পণ্য থেকে আলাদা করার জন্য ব্যবহৃত প্রতীক। সার্ভিস মার্কও একই উদ্দেশ্যে সেবার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
মার্কটি অন্য পণ্য বা সেবা থেকে স্বতন্ত্র না হলে ক্রেতা পণ্য চিনতে পারবে না। তাই স্বাতন্ত্র্যই মার্ক বা প্রতীকের মূল বিষয়। - গ)
জনাব আরিফ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এর মাধ্যমে পণ্যের মান যাচাই করেন।
বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। কতিপয় নির্ধারিত পণ্যের মান নিশ্চিত করতে নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন করে বিএসটিআই থেকে বাধ্যতামূলকভাবে সনদপত্র বা সার্টিফিকেট নিতে হয়। উদ্দীপকে শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি পণ্যের মান সন্তোষজনক হওয়ায় সরকার থেকে সনদপত্র নিয়েছে। এ সনদপত্র বিএসটিআই প্রদান করে। নির্ধারিত মান অনুসরণ না করলে এ সনদ বা লাইসেন্স বাতিলও হতে পারে।
- ঘ)
উদ্দীপকে জনাব আরিফ লোকসান পূরণে যে প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেন, সেটি একটি বিমা প্রতিষ্ঠান। এ বিমাকারী প্রতিষ্ঠানের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো।
১. ক্ষতিপূরণ প্রদান: বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো ঘটনাজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা অন্য কারণে আরিফের প্রতিষ্ঠানের ক্ষতি হলে তা পূরণ হবে।
২. ঝুঁকি হ্রাস: চুক্তির ফলে ঝুঁকিজনিত বাধা ও অনিশ্চয়তা কমে। আরিফ নিশ্চিন্তে ব্যবসায় চালাতে পারবেন।
৩. ব্যবসায় নিরবচ্ছিন্ন রাখা: বিমাকারী না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেককে প্রাথমিক পর্যায়েই ব্যবসায় বন্ধ করতে হতো। ক্ষতির পর ক্ষতিপূরণ পেয়ে প্রতিষ্ঠান আবার চালু রাখা যায়।সুতরাং, বিমা প্রতিষ্ঠান আরিফের প্রতিষ্ঠানকে অদূর ভবিষ্যতের হুমকি থেকে আর্থিক সুরক্ষা দেবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও