ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    লাভা কাকে বলে?

    (1)
  2. খ)

    সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    চিত্রের 'P' স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    চিত্রে 'Q' ও 'R' চিহ্নিত স্তরের মধ্যে কোনটি অধিকতর ভারী উপাদানে গঠিত? তুলনামূলক বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে।

  2. খ)

    সুনামি হলো সমুদ্রের মধ্যে সৃষ্ট মারাত্মক বিশাল ঢেউ। এটি প্রধানত সমুদ্র তলদেশে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়। এ ছাড়া পানির নিচে পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ এবং ভূমিধসের কারণেও সুনামি হতে পারে। এসব কারণে সমুদ্রের পানি হঠাৎ স্থানচ্যুত হয়ে একের পর এক বিশাল ঢেউ উপকূলের দিকে ছুটে আসে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সুনামি এর একটি উদাহরণ।

  3. গ)

    চিত্রের 'P' স্তরটি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর ভূত্বক (Earth's Crust)। এর বৈশিষ্ট্যগুলো হলো-

    ১. ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। ভূভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় এর পুরুত্ব সবচেয়ে কম, গড়ে প্রায় ২০ কিলোমিটার।
    ২. মহাদেশের তলদেশে ভূত্বক গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে গড়ে মাত্র ৫ কিলোমিটার পুরু।
    ৩. মহাদেশীয় ভূত্বক সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত, একে সিয়াল (Sial) বলে। এর নিচের ভারী স্তরটি সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত, যা সিমা (Sima) নামে পরিচিত।
    ৪. পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি বাহ্যিক ভূমিরূপ ভূত্বকের উপরের অংশেই দেখা যায়।
    ৫. ভূত্বকের নিচের দিকে নামলে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে।

  4. ঘ)

    চিত্রে 'Q' হলো গুরুমণ্ডল এবং 'R' হলো কেন্দ্রমণ্ডল। এ দুটির মধ্যে কেন্দ্রমণ্ডল (R) অধিকতর ভারী উপাদানে গঠিত।

    ১. উপাদান: গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এতে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ আছে। অন্যদিকে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান নিকেল ও লোহা, যা তুলনামূলক বেশি ঘনত্বের ভারী ধাতু।
    ২. সৃষ্টির প্রক্রিয়া: পৃথিবী শীতল ও ঘনীভূত হওয়ার সময় ভারী উপাদানগুলো কেন্দ্রের দিকে জমা হয়েছে এবং হালকা উপাদানগুলো ভরের তারতম্য অনুসারে নিচ থেকে উপরে স্তরে স্তরে জমা হয়েছে। তাই কেন্দ্রের স্তর সবচেয়ে ভারী।
    ৩. অবস্থান ও পুরুত্ব: গুরুমণ্ডল ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কেন্দ্রমণ্ডল এর নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু। এর তরল বহিঃকেন্দ্র প্রায় ২,২৭০ কিলোমিটার এবং কঠিন অন্তঃকেন্দ্র প্রায় ১,২১৬ কিলোমিটার।

    সুতরাং, নিকেল ও লোহার মতো ভারী উপাদান দ্বারা গঠিত হওয়ায় কেন্দ্রমণ্ডল (R) গুরুমণ্ডল (Q) অপেক্ষা অধিক ভারী।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন