ব্যবসায় উদ্যোগ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব আনসারি 'মা বেকারি' নামে একটি বেকারি প্রতিষ্ঠা করেন। তিনি বেকারিটিতে বিভিন্ন ধরনের রুটি, কেক, বিস্কুট প্রভৃতি প্রস্তুত করেন। গ্রাহকদের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে তিনি খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রং মেশানো থেকে বিরত থাকেন। বেকারিটিতে নিয়োজিত ব্যক্তিবর্গ যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে তার জন্য প্রয়োজনীয় আলো-বাতাসের সু-ব্যবস্থা নিশ্চিত করেন। তাছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে জেনারেটরের ব্যবস্থা করেছেন। সম্প্রতি কিছু অদক্ষ লোককে স্থায়ীভাবে নিয়োজিত করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
- ক)(1)
মূল্যবোধ কী?
- খ)(2)
জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
আনসারির মধ্যে ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকের আলোকে জনাব আনসারির প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে জ্ঞানবোধ ও আচরণকে সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে, তাকে মূল্যবোধ বলে।
- খ)
আবাসন তৈরি, নদীভাঙন, নির্বিচারে অনুপযুক্ত যানবাহন চালানো ও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে। আইনের যথাযথ প্রয়োগ না হওয়া, জনগণের অসচেতনতা, যেখানে-সেখানে ময়লা ফেলা ও ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও এর কারণ। এই দূষণের ফলে জীবের আবাসস্থল নষ্ট হচ্ছে, তাই জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
- গ)
জনাব আনসারির মধ্যে ব্যবসায়ের নৈতিকতা ও মূল্যবোধের দিকটি ফুটে উঠেছে। মূল্যবোধ ও নৈতিকতা ব্যবসায়ীকে ন্যায়-অন্যায় ও ভালো-মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে এবং ব্যবসায়ীর আচরণকে সঠিক পথে পরিচালনা করে। উদ্দীপকে তিনি ভেজাল ও ক্ষতিকর রং মেশানো থেকে বিরত থাকেন, কর্মীদের জন্য আলো-বাতাসের ব্যবস্থা করেন এবং অদক্ষ কর্মীদের স্থায়ী চাকরি ও প্রশিক্ষণ দেন। এগুলো ব্যবসায়ে নৈতিকতা মেনে চলার পরিচয় দেয়।
- ঘ)
ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা হলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণমূলক কাজ করা। 'মা বেকারি'র সামাজিক দায়বদ্ধতা এভাবে মূল্যায়ন করা যায়—
১. ক্রেতা ও ভোক্তার প্রতি: খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রং না মিশিয়ে তিনি গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষা ও মানসম্মত পণ্য নিশ্চিত করছেন।
২. শ্রমিক-কর্মচারীর প্রতি: কাজের উপযুক্ত পরিবেশ (আলো-বাতাস ও জেনারেটর), চাকরির নিরাপত্তা (স্থায়ী নিয়োগ) এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
৩. সমাজের প্রতি: কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা (কর প্রদান) বা জনহিতকর কাজের উল্লেখ উদ্দীপকে নেই। তবে ক্রেতা, কর্মচারী ও সমাজের প্রতি দায়িত্বপালনের মাধ্যমে জনাব আনসারি সামাজিক দায়বদ্ধতা পালন করছেন বলা যায়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও