পৌরনীতি ও নাগরিকতা • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫
পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন
ছুটির দিনে রিফাত তার বাবার সাথে ঢাকা থেকে ফেনী যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েন। ট্রেনে অত্যধিক যাত্রীর ভিড় থাকায় বয়স্ক এক যাত্রী সিট না পেয়ে রিফাত এর সিটের পার্শ্বে দাঁড়ালে, রিফাত সিট থেকে উঠে বয়স্ক যাত্রীটিকে সিটে বসতে দিলেন। স্টেশনে মামার পর রিফাত তার বাবার সাথে পার্কে বেড়াতে যায় এবং সেখানে অনেক মজা করেন।
- ক)(1)
নাগরিক কাকে বলে?
- খ)(2)
মানুষ সমাজে বাস করে কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে পরিবারের কোন কাজগুলোর ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো
- ঘ)(4)
তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারের আরও কাজ রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে ব্যক্তি জন্ম বা বৈধ উপায়ে কোনো রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হয়ে রাষ্ট্রের প্রদত্ত সব সুযোগ-সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, তাকে নাগরিক বলে।
- খ)
মানুষ সামাজিক জীব। একা বেঁচে থাকা মানুষের পক্ষে সম্ভব নয়, তাই সে সমাজে বাস করে। এর প্রধান কারণগুলো হলো:
১. অভাব পূরণ: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা মানুষ একা মেটাতে পারে না। সমাজে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তা সম্ভব হয়।
২. নিরাপত্তা: সমাজে বাস করলে জীবন ও সম্পদের নিরাপত্তা পাওয়া যায়।
৩. সামাজিক প্রবৃত্তি: মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতার প্রবণতা আছে, যা সমাজেই পূর্ণতা পায়।
৪. ব্যক্তিত্বের বিকাশ: সমাজেই মানুষ শিক্ষা, সংস্কৃতি ও আচরণ শেখে এবং তার ব্যক্তিত্ব বিকশিত হয়। - গ)
উদ্দীপকে পরিবারের সামাজিক ও বিনোদনমূলক কাজের ইঙ্গিত রয়েছে।
সামাজিক কাজ: রিফাত ট্রেনে বয়স্ক যাত্রীকে নিজের সিট ছেড়ে দিয়েছে। বড়দের সম্মান করা, অন্যের প্রতি সহানুভূতি ও সৌজন্যবোধ পরিবার থেকেই শেখা যায়। পরিবার সন্তানকে সামাজিক আচরণ, শিষ্টাচার ও মূল্যবোধ শেখায়।
বিনোদনমূলক কাজ: রিফাত বাবার সাথে পার্কে বেড়াতে গিয়ে মজা করেছে। পরিবারের সদস্যরা একত্রে ঘুরতে গিয়ে আনন্দ পায় এবং মানসিক ক্লান্তি দূর করে। এটি পরিবারের বিনোদনমূলক কাজ।
- ঘ)
হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে বর্ণিত সামাজিক ও বিনোদনমূলক কাজ ছাড়াও পরিবারের আরও অনেক কাজ আছে।
১. জৈবিক কাজ: সন্তান জন্মদান ও লালন-পালনের মাধ্যমে বংশধারা রক্ষা করা পরিবারের মৌলিক কাজ।
২. অর্থনৈতিক কাজ: পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে আয়-ব্যয়, সঞ্চয় ও সম্পদ ব্যবস্থাপনা করা।
৩. শিক্ষামূলক কাজ: পরিবার শিশুর প্রথম শিক্ষালয়। এখানে ভাষা, আচরণ ও নৈতিকতার প্রাথমিক শিক্ষা হয়।
৪. ধর্মীয় ও সাংস্কৃতিক কাজ: সদস্যদের ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতি শেখানো।
৫. রাজনৈতিক কাজ: আনুগত্য, আইন মান্য করা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবার থেকেই শুরু হয়।
৬. নিরাপত্তামূলক কাজ: শিশু, বৃদ্ধ ও অসুস্থ সদস্যদের সুরক্ষা ও সেবা দেওয়া।সুতরাং, পরিবার একটি বহুমুখী প্রতিষ্ঠান, যার কাজ উদ্দীপকের কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও