ব্যবসায় উদ্যোগ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৪

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

শায়লা একজন সাধারণ গৃহিণী। তার স্বামীর উৎসাহে এবং বিভিন্ন সরকারি প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে তিনি আধুনিক যন্ত্রের সাহায্যে কৃষকদের জমি চাষ, আগাছা নিড়ানো, ফসল মাড়াইয়ের মত সেবামূলক কাজের মাধ্যমে বেশ সফলতা অর্জন করেছেন। কাজের পরিধি বেড়ে যাওয়ায় নতুন যন্ত্রপাতি ক্রয়ের প্রয়োজন হলে একটি প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন যারা অন্যূন ৪০% ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করে থাকে। পরবর্তীতে কৃষিতে সাফল্যের জন্য তিনি বিভিন্ন সময়ে প্রণোদনাও পান।

  1. ক)

    NGOs-এর পূর্ণরূপ কী?

    (1)
  2. খ)

    এসএমই কে Employment Generating Machine বলা হয় কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে সহায়তা উৎস হিসেবে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    শায়লার মত উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    NGOs-এর পূর্ণরূপ Non-Government Organizations (বেসরকারি সংস্থা)।

  2. খ)

    এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) শ্রমঘন খাত। এ খাত জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে পারে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমেই বেশি কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব লাঘব ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা থাকে। এজন্য এসএমইকে 'Employment Generating Machine' বলা হয়।

  3. গ)

    উদ্দীপকে সহায়তা উৎস হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)-এর কথা বলা হয়েছে।

    বিডিবিএল সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী বিডিবিএল শাখাগুলো এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার অন্যূন ৪০% ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করে। অবশিষ্ট অংশ মাঝারি উদ্যোক্তাদের দেয়। এছাড়া এটি নতুন শিল্প প্রকল্প স্থাপন, আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণের জন্য ঋণ ও পরামর্শ দেয়, নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয় এবং কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা করে। শায়লা যন্ত্রপাতি কেনার জন্য এমন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন।

  4. ঘ)

    শায়লার মতো উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন, উক্তিটি যথার্থ।

    ১. আর্থিক সহায়তা: শায়লা নতুন যন্ত্রপাতি কেনার জন্য ঋণ নিয়েছেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি কম থাকে। তাই বিডিবিএলের মতো ব্যাংকের ঋণ ছাড়া ব্যবসায় বাড়ানো কঠিন।
    ২. প্রণোদনা ও নীতিগত সহায়তা: কৃষিতে সাফল্যের জন্য শায়লা প্রণোদনা পেয়েছেন। জাতীয় শিল্পনীতিতে কর অব্যাহতি, নগদ প্রণোদনা ও নারী উদ্যোক্তাদের জন্য শিল্প পার্কে প্লট সংরক্ষণের মতো উদ্দীপনামূলক সহায়তা আছে।
    ৩. কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা: আধুনিক যন্ত্র চালনায় দক্ষতা দরকার। বিটাক, যুব ও মহিলা অধিদপ্তর প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ দেয়।
    ৪. পারিবারিক ও সামাজিক সমর্থন: স্বামীর উৎসাহ শায়লাকে উদ্বুদ্ধ করেছে।

    সুতরাং, আর্থিক, প্রণোদনামূলক, কারিগরি ও সামাজিক সহায়তা পেলেই শায়লার মতো উদ্যোক্তা সফল হতে পারেন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন