ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

দৃশ্যকল্প-১: সুমাইয়ার শখ বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়া। সে গ্রীষ্মের ছুটিতে একটি দেশে বেড়াতে যায় এবং ভিসুভিয়াস নামক ভূমিরূপটির অপরূপ সৌন্দর্য অবলোকন করে।দৃশ্যকল্প-২ঃ কল্প-২: সাজিদ এবং রূপম বন্ধু। সাজিদ কর্মসূত্রে একটি দেশে যায় এবং কাজ শেষে 'হেনরী' নামক ভূমিরূপটিতে বেড়াতে যায়। অপরদিকে রূপম যে দেশে বসবাস করে সেখানে পাতাগোনিয়া নামক এক ধরনের ভূমিরূণ রয়েছে।

  1. ক)

    সমভূমি কাকে বলে?

    (1)
  2. খ)

    কীভাবে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি হয়?

    (2)
  3. গ)

    সুমাইয়ার দেখা ভূমিরূপটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    দৃশ্যকল্প-২ এর ভূমিরূপ দুটির গঠন প্রক্রিয়া কি একইরূপ? তুলনামূলক বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢালবিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে।

  2. খ)

    নদীপ্রবাহ, বায়ুপ্রবাহ ও হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি হয়।
    দীর্ঘকাল ধরে এই প্রাকৃতিক শক্তিগুলো কোনো উচ্চভূমিকে ধীরে ধীরে ক্ষয় করে। ক্ষয়ের ফলে উঁচু অংশ নিচু হয়ে সমতল ভূমিতে পরিণত হয়। এভাবে গঠিত সমভূমিকে ক্ষয়জাত সমভূমি বলে। অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমি, ফিনল্যান্ড ও সাইবেরিয়া সমভূমি এর উদাহরণ। বাংলাদেশের মধুপুরের চত্বর ও বরেন্দ্রভূমিও ক্ষয়জাত সমভূমির উদাহরণ।

  3. গ)

    সুমাইয়ার দেখা ভিসুভিয়াস একটি আগ্নেয় পর্বত।

    গঠন প্রক্রিয়া:
    ১. ভূত্বকের দুর্বল অংশে ফাটল সৃষ্টি হলে পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত ম্যাগমা গ্যাস, লাভা ও ভস্মসহ প্রচণ্ড বেগে বেরিয়ে আসে।
    ২. উদ্গিরিত এসব লাভা, শিলাখণ্ড ও ভস্ম দীর্ঘকাল ধরে জেগে ওঠা মুখের চারপাশে সঞ্চিত হতে থাকে।
    ৩. সঞ্চিত পদার্থ ঠান্ডা হয়ে জমাট বেঁধে ধীরে ধীরে উঁচু হয় এবং সাধারণত মোচাকৃতির পর্বতের রূপ নেয়।

    এ কারণে একে সঞ্চয়জাত পর্বতও বলা হয়। ইতালির ভিসুভিয়াস ছাড়াও কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা এ ধরনের পর্বতের উদাহরণ।

  4. ঘ)

    দৃশ্যকল্প-২ এর হেনরী ও পাতাগোনিয়া ভূমিরূপ দুটির গঠন প্রক্রিয়া একইরূপ নয়। হেনরী একটি ল্যাকোলিথ পর্বত এবং পাতাগোনিয়া একটি পাদদেশীয় মালভূমি।

    তুলনামূলক বিশ্লেষণ:
    ১. হেনরী (ল্যাকোলিথ পর্বত): ভূগর্ভের গলিত ম্যাগমা ভূপৃষ্ঠে বেরোতে গিয়ে বাধা পেয়ে ভূত্বকের নিচেই একস্থানে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী চাপে ভূত্বকের ওই অংশ স্ফীত হয়ে গম্বুজ আকার ধারণ করে। এটি ভূআলোড়ন ও অভ্যন্তরীণ শক্তির ফল।
    ২. পাতাগোনিয়া (পাদদেশীয় মালভূমি): উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে তার পাদদেশে তলানি বা পলি জমে এই মালভূমি সৃষ্টি হয়েছে। এটি বহিস্থ ক্ষয় ও সঞ্চয়ক্রিয়ার ফল।
    ৩. হেনরী ম্যাগমা জমাট বেঁধে গড়ে ওঠে, আর পাতাগোনিয়া পর্বতের ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে গড়ে ওঠে। হেনরীর কোনো শৃঙ্গ থাকে না, কিন্তু পাতাগোনিয়া ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতলভূমি।

    সুতরাং, দুটি ভূমিরূপের গঠনের কারণ, শক্তি ও প্রক্রিয়া ভিন্ন হওয়ায় এদের গঠন প্রক্রিয়া একইরূপ নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন