হিন্দু ধর্ম • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩

হিন্দু ধর্ম প্রশ্ন

সুবল ঘোষ তার চিত্তবৃত্তিকে সংযত করার জন্য এক সাধুর শরণাপন্ন হন। সাধু তখন তাকে বলেন, "জীবাত্মার সজো পরমাত্মার সংযোগই যোগসাধনা।" মুক্তিলাভের জন্য যোগসাধনার ৮টি স্তর অনুশীলন করতে পারো। যোগসাধনার সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। সুবল ঘোষ মন দিয়ে সাধুর বাক্য শ্রবণ করে এবং তা পালন করার চেষ্টা করেন।

  1. ক)

    'যোগ' শব্দটির অর্থ কী?

    (1)
  2. খ)

    আসন বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    উদ্দীপকে উল্লিখিত যে কোনো দুটি স্তরের বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    "যোগসাধনার সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি"- উদ্দীপকে সাধুর উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    'যোগ' শব্দের অর্থ মিলন।

  2. খ)

    আসন অর্থ স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকা (স্থিরসুখমাসনম্)। দেহ ও মনকে সুস্থ ও স্থির রাখার জন্য যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহাবস্থান গ্রহণ করা হয়, তাকে আসন বলে। এটি অষ্টাঙ্গযোগের তৃতীয় ধাপ। আসনে শরীর দৃঢ়, নীরোগ ও লঘুভার হয় এবং মানসিক ভারসাম্য সৃষ্টি হয়। পদ্মাসন, সুখাসন, গোমুখাসন, হলাসন ইত্যাদি আসনের উদাহরণ।

  3. গ)

    উদ্দীপকে যোগসাধনার ৮টি স্তর অর্থাৎ অষ্টাঙ্গযোগের কথা বলা হয়েছে। মহর্ষি পতঞ্জলি এগুলোর নির্দেশ করেছেন। এর দুটি স্তরের বর্ণনা দেওয়া হলো।

    ১. আসন: আসন অর্থ স্থির হয়ে সুখে অবস্থান করা। দেহ-মনকে সুস্থ ও স্থির রাখার উদ্দেশ্যে যে দেহভঙ্গি, তাকে আসন বলে। আসনে শরীরে দৃঢ়তা আসে এবং শরীর নীরোগ হয়। পদ্মাসন, সুখাসন ইত্যাদি আসনের উদাহরণ। এর মাধ্যমে যোগী ঈশ্বর চিন্তায় নিবিষ্ট হওয়ার যোগ্যতা অর্জন করেন।
    ২. প্রাণায়াম: প্রাণায়াম অর্থ প্রাণের আয়াম বা শ্বাস-প্রশ্বাসের বিস্তার। শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ করে নিজ আয়ত্তে আনাই প্রাণায়াম। রেচক, পূরক ও কুম্ভক এই তিন প্রক্রিয়ায় এটি সম্পন্ন হয়। এতে শ্বসনতন্ত্র বলিষ্ঠ হয়, স্নায়ুতন্ত্র শান্ত থাকে এবং কামনা-বাসনা হ্রাস পায়।

  4. ঘ)

    সাধুর উক্তি 'যোগসাধনার সর্বোচ্চ স্তর সমাধি' সম্পূর্ণ যথার্থ।

    ১. অষ্টাঙ্গযোগের আটটি ধাপ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। সমাধি এর সর্বশেষ বা অষ্টম ধাপ।
    ২. সমাধি অর্থ সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্তসমর্পণ। ধ্যানের অত্যুচ্চ শিখরে উঠে সাধক সমাধি লাভ করেন।
    ৩. সমাধিতে সাধক মনশূন্য, বুদ্ধিশূন্য ও অহংশূন্য অবস্থা প্রাপ্ত হন। তখন জীবাত্মা পরমাত্মার মধ্যে নিবিষ্ট হয়, 'আমি' বা 'আমার' বোধ থাকে না এবং সাধকের অন্বেষণের শেষ হয়।
    ৪. সাধু বলেছেন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগই যোগসাধনা। সমাধিতেই এই সংযোগ বা মিলন পূর্ণতা পায় এবং সাধক প্রকৃত যোগ লাভ করেন।

    অতএব, যোগসাধনার চূড়ান্ত লক্ষ্য মুক্তিলাভ সমাধির মধ্য দিয়ে সম্পন্ন হয় বলে সাধুর উক্তিটি যথার্থ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন