ভূগোল এবং পরিবেশ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
সুমন ভূগোল ক্লাসে এক ভিডিও চিত্রে দেখল, বিশেষ স্রোতের প্রভাবে নরওয়ে সমুদ্র উপকূলে জাহাজ চলাচলে কোন অসুবিধা না হলেও কানাডা উপকূলে জাহাজ চলাচলে অসুবিধা হচ্ছে।
- ক)(1)
সমুদ্রস্রোত কাকে বলে?
- খ)(2)
মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় দেশটির জলবায়ুর উপর যে সমুদ্রস্রোত প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উক্ত দেশ দু'টির সমুদ্রপথে পরিবহণ ব্যবস্থার উপর সমুদ্রস্রোতের কী প্রভাব রয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে নির্দিষ্ট দিকে প্রবাহিত হলে তাকে সমুদ্রস্রোত বলে।
- খ)
মগ্নচড়া হলো সমুদ্রের অগভীর অংশে পানির নিচে ডুবে থাকা উঁচু ভূমি।
উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সঙ্গে বাহিত হিমশৈল উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায়। তখন হিমশৈলের ভেতরের নুড়ি, কাঁকর ও বালি সমুদ্রতলে জমা হয়। এভাবে জমতে জমতে একসময় মগ্নচড়ার সৃষ্টি হয়। উদাহরণ: নিউফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক।
- গ)
উদ্দীপকের দ্বিতীয় দেশটি হলো কানাডা। এর জলবায়ুর ওপর ল্যাব্রাডর শীতল স্রোত প্রভাব ফেলে।
শীতল সমুদ্রস্রোতের প্রভাবে কোনো অঞ্চলের শীতলতা বাড়ে। ল্যাব্রাডর স্রোত মেরু অঞ্চল থেকে শীতল পানি নিয়ে এসে কানাডার পূর্ব উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়। এর ফলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চলের তাপমাত্রা কমে যায় এবং স্থানটি সারাবছর বরফাচ্ছন্ন থাকে।
- ঘ)
নরওয়ে ও কানাডার সমুদ্রপথে পরিবহনের ওপর সমুদ্রস্রোতের প্রভাব ভিন্ন। এর কারণ দুই দেশের উপকূল দিয়ে ভিন্ন ধরনের স্রোত প্রবাহিত হয়।
১. নরওয়ে (উষ্ণ স্রোতের প্রভাব): নরওয়ের উপকূলে উষ্ণ উপসাগরীয় ও উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয়। এর প্রভাবে শীতকালেও উপকূলের পানি জমে না। তাই বন্দরগুলো সারাবছর ব্যবহার করা যায় এবং জাহাজ চলাচলে কোনো অসুবিধা হয় না। উত্তর আটলান্টিক স্রোতের অনুকূলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে।
২. কানাডা (শীতল স্রোতের প্রভাব): কানাডার পূর্ব উপকূলে শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয়। এর ফলে সেখানে তীব্র শীত পড়ে এবং হিমশৈল ও বরফের কারণে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হয়।সুতরাং, উষ্ণ স্রোত পরিবহনের পক্ষে সুবিধাজনক আর শীতল স্রোত অসুবিধাজনক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও