ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
নদীভাঙন কাকে বলে?
- খ)(2)
খরার সময় অগ্নিকান্ডের উপদ্রব বেড়ে যায় কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
চিত্র 'A' বর্ণিত প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো বর্ণনা করো।
- ঘ)(4)
চিত্র 'B' বর্ণিত প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যু ছাড়া আরও নানাবিধ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
নদীখাতে পানিপ্রবাহের কারণে নদীর পার্শ্ব ক্ষয়কে নদীভাঙন বলে।
- খ)
খরার সময় দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় মাটি, ঘাস, গাছপালা ও ঘরবাড়ির উপকরণ শুকিয়ে যায়। বাতাসও শুষ্ক ও উত্তপ্ত থাকে। ফলে সামান্য আগুনের স্ফুলিঙ্গ থেকেই সহজে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। পানির অভাব থাকায় আগুন নেভানোও কঠিন হয়। তাই খরার সময় অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায়।
- গ)
চিত্র 'A'-তে ঘরবাড়ি পানিতে নিমজ্জিত থাকার দৃশ্য থেকে বোঝা যায়, এটি বন্যা। বাংলাদেশে বন্যার কারণগুলো নিম্নরূপ-
প্রাকৃতিক কারণ:
১. উজানে প্রচুর বৃষ্টি এবং হিমালয়ের বরফগলা পানিপ্রবাহ।
২. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও মৌসুমি জলবায়ুর প্রভাব। এ দেশ নদীমাতৃক ও বৃষ্টিবহুল।
৩. নদীর গভীরতা কম হওয়া এবং বঙ্গোপসাগরের তীব্র জোয়ার-ভাটা।
৪. ভূমিকম্প।মানবসৃষ্ট কারণ:
১. নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন।
২. গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা বাঁধসহ অন্যান্য নদীতে বাঁধ নির্মাণের প্রভাব।
৩. অপরিকল্পিত নগরায়ণ। - ঘ)
চিত্র 'B' হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ে মানুষের মৃত্যু ছাড়াও আরও নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়। যেমন-
১. বসতবাড়ি ও অবকাঠামোর ক্ষতি: প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু, বেড়িবাঁধ ও বিদ্যুৎ-যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়।
২. কৃষি ও সম্পদের ক্ষতি: ক্ষেতের ফসল, গাছপালা ও মাছের ঘের নষ্ট হয়। গবাদি পশুর মৃত্যু ঘটে। লোনা পানি ঢুকে জমির উর্বরতা কমে যায়।
৩. অর্থনৈতিক ক্ষতি: পারিবারিক সম্পদ হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে যায়। জেলে ও কৃষকদের জীবিকা বিঘ্নিত হয় এবং দেশের অর্থনীতিতে বড় চাপ পড়ে।
৪. সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা: মানুষ বাস্তুহারা হয়, বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট দেখা দেয় এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে।সুতরাং, ঘূর্ণিঝড় শুধু প্রাণহানি ঘটায় না, বরং ঘরবাড়ি, কৃষি, অর্থনীতি ও জনজীবনেও ব্যাপক ক্ষতি করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও