পৌরনীতি ও নাগরিকতা • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫
পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন
দৃশ্যকল্প-১: জনাব রশিদ স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাকে নিয়ে ঢাকায় একটি ফ্ল্যাটে বসবাস করেন। সম্প্রীতি তিনি তার পুত্রকে ঘিয়ে করান। পুত্রবধু তাদের সাথেই থাকেন।দৃশ্যকল্প-২: জামিল একটি কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে তার স্ত্রী ঘরে বিভিন্ন রকমের পিঠা, কেক তৈরি করে অনলাইনে বিক্রি করেন। ফলে দুজনের আয়ে পরিবারটি ভালোই চলছে।
- ক)(1)
সমাজ কাকে বলে?
- খ)(2)
সার্বভৌমত্বকে কেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বলা হয়? ব্যাখ্যা করো।
- গ)(3)
পারিবারিক কাঠামোর ভিত্তিতে জনাব রশিদের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
জামিলের স্ত্রীর কর্মকাণ্ডটি পরিবারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? যুক্তিসহ ব্যাখ্যা করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সমাজ হলো একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জনসমষ্টি, যারা নিয়মকানুন মেনে পরস্পর সহযোগিতার ভিত্তিতে সংগঠিতভাবে জীবনযাপন করে।
- খ)
সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ও অপ্রতিহত ক্ষমতা। রাষ্ট্র নিজ সীমানার মধ্যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আইন প্রয়োগ করতে পারে এবং বাইরের কোনো শক্তির নিয়ন্ত্রণ মানে না। এই ক্ষমতার ওপর অন্য কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই। তাই সার্বভৌমত্বকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বলা হয়।
- গ)
পারিবারিক কাঠামোর ভিত্তিতে জনাব রশিদের পরিবারটি যৌথ পরিবার।
ব্যাখ্যা: যৌথ পরিবারে বিবাহিত সন্তানসহ কয়েকজন নিকট আত্মীয় একত্রে বসবাস করে। উদ্দীপকে রশিদ স্ত্রী, পুত্র ও দুই কন্যার সঙ্গে থাকেন এবং পুত্রের বিয়ের পর পুত্রবধূও তাঁদের সঙ্গেই থাকেন। বিবাহিত পুত্র ও পুত্রবধূ একই পরিবারে থাকায় এটি যৌথ পরিবারের বৈশিষ্ট্য বহন করে।
- ঘ)
জামিলের স্ত্রীর কর্মকাণ্ড পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটি পরিবারের অর্থনৈতিক কাজের অংশ।
যুক্তি:
১. আয় বৃদ্ধি: জামিলের চাকরির আয়ের সঙ্গে স্ত্রীর পিঠা ও কেক বিক্রির আয় যুক্ত হওয়ায় পরিবারের আয় বেড়েছে।
২. আর্থিক নিরাপত্তা: একজনের আয়ের ওপর নির্ভর না করায় বিপদে পরিবারটি আর্থিকভাবে বেশি নিরাপদ থাকে।
৩. নারীর স্বাবলম্বিতা: ঘরে বসে অনলাইনে ব্যবসা করে স্ত্রী নিজের সম্মান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়িয়েছেন, যা পরিবারে সুসম্পর্ক তৈরি করে।সুতরাং, জামিলের স্ত্রীর কর্মকাণ্ড পরিবারের স্বচ্ছলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও