বিজ্ঞান • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩
বিজ্ঞান প্রশ্ন
নিচের তথ্যগুলো যত্নসহকারে মনোযোগ দিয়ে পড়ো:
ক্রঃ নং | নমুনা পদার্থের নাম | নির্দেশকের নাম | নমুনা পদার্থে ধারণকৃত নির্দেশকের রং
১ | A | নীল লিটমাস কাগজ | লাল রং
২ | B | মিথাইল অরেঞ্জ | হলুদ রং
৩ | A + B = C + পানি | লিটমাস কাগজ | বর্ণ পরিবর্তন হয় না
- ক)(1)
লবণ কাকে বলে?
- খ)(2)
আমরা বিরিয়ানি খাওয়ার পর পেপসি পান করি কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের B পদার্থের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
- ঘ)(4)
দৈনন্দিন জীবনে C পদার্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ– বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
অম্লের ক্ষারীয় হাইড্রোজেন (প্রতিস্থাপনযোগ্য H⁺) ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন হয়, তাকে লবণ (Salt) বলে।
- খ)
পোলাও, বিরিয়ানির মতো গুরুপাক খাবার হজমের জন্য পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক এসিড (HCl) প্রয়োজন হয়। মাত্রার হেরফের হলে পরিপাকে অসুবিধা হয়। পেপসির মতো কোমল পানীয় এসিডিক প্রকৃতির, তাই গুরুপাক খাবারের পর তা পান করলে পরিপাকে সাহায্য হয়। এজন্যই আমরা বিরিয়ানি খাওয়ার পর পেপসি পান করি।
- গ)
উদ্দীপকের ১নং ক্রমে নমুনা A নীল লিটমাস কাগজকে লাল করেছে, অর্থাৎ A একটি এসিড। ২নং ক্রমে নমুনা B মিথাইল অরেঞ্জকে হলুদ রং ধারণ করিয়েছে এবং ৩নং ক্রমে A + B বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়েছে, তাই B একটি ক্ষারক (Base)।
B (ক্ষারক) এর বৈশিষ্ট্য:
১. ক্ষারকের স্বাদ তেতো এবং স্পর্শে পিচ্ছিল।
২. এটি লাল লিটমাস কাগজকে নীল করে এবং মিথাইল অরেঞ্জ নির্দেশককে হলুদ রং ধারণ করায়।
৩. ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে (প্রশমন বিক্রিয়া)।
৪. পানিতে দ্রবীভূত ক্ষারক (ক্ষার) আয়নিত হয়ে হাইড্রক্সিল আয়ন (OH⁻) দেয়; এর pH মান ৭ এর বেশি। - ঘ)
উদ্দীপকে A (এসিড) ও B (ক্ষারক) এর বিক্রিয়ায় উৎপন্ন C পদার্থটি হলো লবণ (Salt)। দৈনন্দিন জীবনে লবণের গুরুত্ব অপরিসীম।
১. খাদ্য ও স্বাস্থ্যে: সাধারণ খাবার লবণ (সোডিয়াম ক্লোরাইড) রান্নায় স্বাদ বাড়ায় এবং শরীরের লবণ-পানির ভারসাম্য রক্ষা করে। খাবার স্যালাইনে লবণ থাকায় ডায়রিয়ায় পানিশূন্যতা দূর হয়।
২. খাদ্য সংরক্ষণে: মাছ, মাংস ও আচার লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, কারণ লবণ জীবাণুর বৃদ্ধি রোধ করে।
৩. কৃষি ও শিল্পে: ইউরিয়া, টিএসপি, এমওপি জাতীয় লবণ সার হিসেবে এবং সোডিয়াম কার্বনেট কাচ, সাবান ও কাগজ শিল্পে ব্যবহৃত হয়।সুতরাং, খাদ্য, চিকিৎসা, কৃষি ও শিল্পে ব্যবহারের কারণে দৈনন্দিন জীবনে লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও