ইসলাম • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
ইসলাম প্রশ্ন
প্রেক্ষাপট-১: জনাব কবিরের বাসায় একটি ইয়াতীম মেয়ে কাজ করে। নিজেরা খাওয়ার সময় তাকে ছেলে-মেয়েদের সাথে একসঙ্গে বসে খাওয়ায়। পরিবারের পোশাক ক্রয়ের সময় তার জন্য একই মানের পোশাক ক্রয় করেন । প্রেক্ষাপট-২: জনাব সগির সাহেব নিজ এলাকার চেয়ারম্যান। তাঁর এলাকার লোকজনের সঙ্গে পরামর্শ করে কিছু স্থানীয় আইন প্রণয়ন করেন। যেমন— কেউ চুরি, সন্ত্রাস ও মাদক চোরাচালানী কাজে জড়িত হলে তা ব্যক্তিগত অপরাধ বলে গণ্য হবে। তার অপরাধের জন্য গোটা সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করা যাবে না। এছাড়াও এলাকায় মাদক, হত্যা ও রক্তপাত ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ ।
- ক)(1)
গিবত কী?
- খ)(2)
হযরত উমর (রা)-কে 'ফারুক' বলা হয় কেন?
- গ)(3)
প্রেক্ষাপট-১ এর সাথে মহানবি (স)-এর জীবনের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
প্রেক্ষাপট-২ এ উল্লেখিত ঘটনাটি মহানবি (স)-এর জীবনের কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট তা চিহ্নিতপূর্বক বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা, যা শুনলে সে কষ্ট পায়, তাকে গিবত বলে।
- খ)
হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করার পর ইসলামের দাওয়াত প্রকাশ্যে প্রচারিত হয় এবং মুসলমানরা প্রকাশ্যে কাবায় নামাজ পড়তে সক্ষম হন। তাঁর মাধ্যমে হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট হয়। তাই মহানবি (স) তাঁকে 'ফারুক' উপাধি দেন, যার অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী।
- গ)
প্রেক্ষাপট-১ এর সাথে মহানবি (স) এর বিদায় হজের ভাষণের মিল পাওয়া যায়।
ব্যাখ্যা: বিদায় হজের ভাষণে মহানবি (স) অধীনস্থদের সম্পর্কে বলেন, তোমরা যা খাবে তাদের তা-ই খাওয়াবে এবং যা পরবে তাদের তা-ই পরাবে। জনাব কবির ইয়াতিম কাজের মেয়েকে নিজের সন্তানদের সাথে একসাথে খাওয়ান এবং একই মানের পোশাক কিনে দেন। এতে অধীনস্থের প্রতি সমান আচরণের ইসলামি শিক্ষা বাস্তবায়িত হয়েছে।
- ঘ)
প্রেক্ষাপট-২ এ বর্ণিত ঘটনাটি মহানবি (স) এর জীবনের মদিনা সনদের সাথে সংশ্লিষ্ট।
১. ব্যক্তিগত দায়বদ্ধতা: মদিনা সনদে ঘোষণা করা হয়, প্রত্যেকে নিজ অপরাধের জন্য দায়ী। একজনের অপরাধে পুরো সম্প্রদায়কে দায়ী করা যাবে না।
২. শান্তি ও নিরাপত্তা: মদিনায় হত্যা ও রক্তপাত নিষিদ্ধ করা হয়েছিল এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়।
৩. পরামর্শভিত্তিক আইন: সনদটি মদিনার বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের সম্মতিতে প্রণীত হয়েছিল, যেমন সগির সাহেব এলাকার লোকজনের সাথে পরামর্শ করে আইন করেছেন।সুতরাং, সগির সাহেবের স্থানীয় আইনগুলো মদিনা সনদের মূলনীতির প্রতিফলন। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও