ইসলাম • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৬

ইসলাম প্রশ্ন

আলিয়া একজন বিবাহিত মহিলা। অনেক চিকিৎসা করার পরও সন্তান হয় না। এ দেখে তার বাবা তাকে পীরের কাছে নিয়ে মাথা নত করে বলল, বাবা আমার মেয়ের একটি সন্তান দাও। আমি তোমার নামে একটি গরু জবেহ করব। অপরদিকে মসজিদের পাশে হাসানাত ও বারাকাত দুজনে ঝগড়া করছে। তাদের ঝগড়া দেখে মাওলানা সাহেব এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, তোমরা ঝগড়া করছ কেন? বারাকাত বলল, আমি তাকে বিশ্বাস করে একটি গোপন কথা বলেছিলাম কিন্তু সে আমার প্রতিপক্ষকে তা বলে দিয়েছে। এ কথা শুনে মাওলানা সাহেব বলেন, “যারা এরূপ করে তাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে।”

  1. ক)

    সিরাত কী?

    (1)
  2. খ)

    “আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব।”—ব্যাখ্যা কর।

    (2)
  3. গ)

    আলিয়ার বাবার কর্মকাণ্ডে আকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? এর কুফল ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    হাসানাাতের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক মাওলানা সাহেবের উক্তিটি বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    সিরাত হলো মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর জীবনচরিত বা জীবনী।

  2. খ)

    কিয়ামতের দিন আল্লাহ তায়ালা প্রত্যেকের আমল ওজন করার জন্য মিযান (দাঁড়িপাল্লা) স্থাপন করবেন। এটি সূরা আল-আম্বিয়ার একটি আয়াতাংশ। সেদিন কারও প্রতি সামান্য জুলুমও হবে না। রাইয়ের দানা পরিমাণ আমলও ওজন করা হবে। যার সৎকর্মের পাল্লা ভারী হবে, সে সফল হবে।

  3. গ)

    আলিয়ার বাবার কর্মকাণ্ডে আকাইদের শিরক প্রকাশ পেয়েছে।

    ব্যাখ্যা: আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা বা তাঁর গুণ ও ক্ষমতায় অংশীদার করাকে শিরক বলে। সন্তান দান করা একমাত্র আল্লাহর ক্ষমতা। অথচ আলিয়ার বাবা পীরের কাছে মাথা নত করে সন্তান চেয়েছেন এবং পীরের নামে পশু জবেহের মানত করেছেন।

    কুফল:
    ১. শিরক সবচেয়ে বড় গুনাহ। তাওবা না করে মারা গেলে আল্লাহ তা ক্ষমা করবেন না।
    ২. শিরকারী ব্যক্তির সব নেক আমল নষ্ট হয়ে যায়।
    ৩. মানুষ কুসংস্কার ও অন্ধবিশ্বাসে জড়িয়ে পড়ে এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল হারায়।

    অতএব, শিরক ইহকাল ও পরকাল উভয়ের জন্য ক্ষতিকর।

  4. ঘ)

    হাসানাতের কর্মকাণ্ড হলো আমানতের খিয়ানত। বারাকাত বিশ্বাস করে তাকে একটি গোপন কথা বলেছিল, আর হাসানাত তা প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছে। গোপন কথাও আমানত।

    মাওলানা সাহেবের উক্তি, "যারা এরূপ করে তাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে", কুরআনের ভাষ্যের সাথে সংগতিপূর্ণ। সূরা আন-নিসায় মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরের কথা বলা হয়েছে।

    ১. হাদিসে আমানতের খিয়ানত মুনাফিকের লক্ষণ হিসেবে উল্লেখ আছে। এরা মুখে এক, কাজে অন্য।
    ২. খিয়ানতকারী বিশ্বাস ভঙ্গ করে। এতে সমাজে অবিশ্বাস, ঝগড়া ও শত্রুতা বাড়ে।
    ৩. মুনাফিকের কপটতা বড় অপরাধ, তাই তার শাস্তিও কঠোর।

    সুতরাং, মাওলানা সাহেবের উক্তিটি যথার্থ। আমানত রক্ষা করা ঈমানের দাবি।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন