ইসলাম • Jashore Board • যশোর বোর্ড ২০২৫
ইসলাম প্রশ্ন
অফিস কর্মকর্তা সাইফুল সাহেবের টেবিলে তার স্বাক্ষর নেওয়ার জন্য 'জেড গ্রুপ'-এর কর্মচারী একটি ফাইল জমা দিয়ে যান। তিনি স্বাক্ষর করার জন্য ফাইল খুললে তাতে টাকাভর্তি খাম দেখে খুব রাগ করেন এবং কর্মচারীকে ডেকে ধমক দিয়ে বলেন, "এ জঘন্য কাজের জন্য তুমিও জাহান্নামি হবে, আমাকেও জাহান্নামি বানাবে।" তিনি আজ অফিস থেকে ফেরার পথে মেয়ের জন্য কয়েকটি বই কিনে নিয়ে যান। কারণ মেয়ে ভালো ফল করলে তিনি তাকে বই উপহার দেওয়ার কথা দিয়েছিলেন।
- ক)(1)
'সুদ' কাকে বলে?
- খ)(2)
"তারা (নারীগণ) তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ।" বুঝিয়ে লেখ।
- গ)(3)
মেয়েকে বই কিনে দেওয়াতে সাইফুল সাহেবের চরিত্রে আখলাকে হামিদাহর কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ কিনা? সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ঋণের বিনিময়ে মূলধনের অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়, তাকে সুদ (রিবা) বলে।
- খ)
আয়াতটির অর্থ, নারী-পুরুষ (স্বামী-স্ত্রী) একে অপরের ভূষণ বা পোশাকস্বরূপ (সূরা আল-বাকারা, আয়াত ১৮৭)। পোশাক যেমন দেহকে ঢেকে রাখে, সৌন্দর্য ও সুরক্ষা দেয়, তেমনি স্বামী-স্ত্রী একে অপরের দোষ গোপন রাখে, প্রয়োজন মেটায় এবং সম্মান রক্ষা করে। এটি পারস্পরিক ঘনিষ্ঠতা ও দায়িত্বের প্রতীক।
- গ)
সাইফুল সাহেবের মেয়েকে বই কিনে দেওয়ার মাধ্যমে আখলাকে হামিদাহর ওয়াদা পালন (ইফায়ে আহদ) গুণটি প্রকাশ পেয়েছে।
তিনি মেয়ে ভালো ফল করলে বই উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা রক্ষা করেছেন। আল্লাহ বলেছেন, "তোমরা অঙ্গীকার পূর্ণ করো, কারণ অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে" (সূরা বনি ইসরাঈল, আয়াত ৩৪)। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ।
- ঘ)
সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ। ফাইলে রাখা টাকাভর্তি খাম হলো ঘুষ, অর্থাৎ অন্যায়ভাবে সুবিধা লাভের জন্য অর্থ দেওয়া-নেওয়া।
১. রাসুল (স) বলেছেন, ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি। সাইফুল সাহেবের উক্তিটি এই হাদিসের সাথে সংগতিপূর্ণ।
২. ঘুষ অন্যের অধিকার নষ্ট করে, ন্যায়বিচার ব্যাহত করে এবং দুর্নীতি ছড়ায়।
৩. ঘুষ প্রত্যাখ্যান করে তিনি আমানতদারি ও সততার পরিচয় দিয়েছেন।সুতরাং, তাঁর রাগ ও ধমক ইসলামের শিক্ষার আলোকে সম্পূর্ণ যথার্থ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও