হিন্দু ধর্ম • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩

হিন্দু ধর্ম প্রশ্ন

শ্রাবণ মাসের একটি বিশেষ তিথিতে তনু তার ভাই তপুর ডান হাতে ভালোবাসার প্রতীক হিসেবে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। অপরদিকে, শুভশ্রী কার্তিক মাসের এক বিশেষ তিথিতে উপবাস থেকে তার ভাই সুজয়ের কপালে কাজলের ফোঁটা দিয়ে দীর্ঘ জীবন কামনা করল।

  1. ক)

    সংক্রান্তি কাকে বলে?

    (1)
  2. খ)

    ভক্তরা নামযজ্ঞানুষ্ঠানে যোগ দেয় কেন?

    (2)
  3. গ)

    তনু কোন ধর্মাচারটি পালন করে? পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    শুভশ্রীর পালিত ধর্মাচারের গুরুত্ব বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বাংলা মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়।

  2. খ)

    নামযজ্ঞ অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের নাম কীর্তন করা হয়। হিন্দুরা বিশ্বাস করে, শ্রীহরির নাম নিলে বা শুনলে পুণ্য লাভ হয় এবং দুঃখ-যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এই বিশ্বাস নিয়েই ভক্তরা বহুদূর থেকে এসে নামযজ্ঞানুষ্ঠানে যোগ দেয়। এছাড়া এ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয় এবং সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।

  3. গ)

    তনু রাখীবন্ধন ধর্মাচারটি পালন করে।

    'রাখী' শব্দটি 'রক্ষা' শব্দ থেকে এসেছে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এজন্য দিনটি রাখী পূর্ণিমা নামেও পরিচিত। এটি ভাই-বোনের আজীবন ভালোবাসার প্রতীক। নিজের ভাই ছাড়াও আত্মীয় ও অনাত্মীয় ভাইদের হাতেও রাখী পরানো হয় এবং এতে সবার মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়।

  4. ঘ)

    শুভশ্রীর পালিত ধর্মাচারটি হলো ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এটি পালিত হয়। এর গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো।

    ১. ধর্মীয় গুরুত্ব: পুরাণ অনুসারে এ দিনে যমুনাদেবী ভাই যমের মঙ্গল কামনায় পূজা করেন, ফলে যম অমরত্ব লাভ করেন। সেই কল্যাণব্রত স্মরণে বোনেরা এ দিন পালন করে।
    ২. পারিবারিক গুরুত্ব: বোন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে এবং ভাইকে ফল, মিষ্টি, পায়েস, লুচি খাওয়ায়। এতে ভাই-বোনের ভালোবাসা ও পারিবারিক বন্ধন দৃঢ় হয়।
    ৩. সামাজিক গুরুত্ব: এ উৎসবের মধ্য দিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় এবং জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।

    সুতরাং, ভ্রাতৃদ্বিতীয়া ধর্মীয়, পারিবারিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন