ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব আবরার একজন ফল ব্যবসায়ী। তিনি তার দোকানের ফলগুলো ছোট-বড় সাইজ, ওজন ইত্যাদির ভিত্তিতে ভাগ করে বিক্রয় করেন। ফলে তার পরিশ্রম কম লাগে এবং বিক্রয় সহজ হয়। সম্প্রতি তার দোকানে মাসুদ নামের একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী সকল বয়সের ছেলে-মেয়ে, নারী-পুরুষ ক্রেতাদের সম্পর্কে সচেতন থেকে ভদ্র ব্যবহার করেন। কোনো ক্রেতা পণ্যের মান ও মূল্য সম্পর্কে খারাপ মন্তব্য করলেও তিনি হাসিমুখে তাদের বিদায় জানায়।
- ক)(1)
বণ্টন প্রণালি কী?
- খ)(2)
পণ্য ক্রয়ে কীভাবে ক্রেতাদের উদ্বুদ্ধ করা যায়? ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব আবরার বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"মাসুদ একজন দক্ষ বিক্রয়কর্মী" উক্তিটির যথার্থতা মূল্যায়ন -করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর হাতে পৌঁছে, তাকে বণ্টন প্রণালি বলে।
- খ)
ক্রেতাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার প্রধান দুটি উপায় বিজ্ঞাপন ও বিক্রয়িকতা। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতাদের জানানো হয় এবং নতুন পণ্য সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়, ফলে চাহিদা বাড়ে। অন্যদিকে দক্ষ বিক্রয়কর্মী নিজের কৌশল, ভদ্র ব্যবহার ও আন্তরিকতা দিয়ে ক্রেতাদের আকর্ষণ করে এবং তাদের আস্থা অর্জন করে স্থায়ী গ্রাহকে পরিণত করে।
- গ)
জনাব আবরার বিপণনের পর্যায়িতকরণ (Grading) কাজটি সম্পাদন করেন।
মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী এ কাজ করা হয়। উদ্দীপকে আবরার তাঁর ফলগুলো ছোট-বড় সাইজ ও ওজনের ভিত্তিতে ভাগ করে বিক্রি করেন। এর ফলে তাঁর পরিশ্রম কম লাগে এবং বিক্রয় সহজ হয়, যা পর্যায়িতকরণের সুবিধার সঙ্গে মিলে যায়।
- ঘ)
'মাসুদ একজন দক্ষ বিক্রয়কর্মী' উক্তিটি যথার্থ। পাঠ্যবই অনুযায়ী আদর্শ বিক্রয়কর্মীর কিছু গুণ মাসুদের মধ্যে স্পষ্ট দেখা যায়।
১. জেন্ডার সচেতনতা: বিক্রয়কর্মীকে নারী-পুরুষ, ছেলে-মেয়ে ও বয়স্ক ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করতে হবে সে বিষয়ে সচেতন থাকতে হয়। মাসুদ সকল বয়সের ও লিঙ্গের ক্রেতা সম্পর্কে সচেতন থেকে আচরণ করেন।
২. মার্জিত ব্যবহার: তিনি ক্রেতাদের সাথে ভদ্র ও নম্র আচরণ করেন, যা ক্রেতাদের আকৃষ্ট করে।
৩. ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য: কোনো ক্রেতা পণ্যের মান ও মূল্য নিয়ে খারাপ মন্তব্য করলেও তিনি হাসিমুখে তাদের বিদায় জানান। এটি আদর্শ বিক্রয়কর্মীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ধৈর্যশীলতার প্রমাণ।সুতরাং, এসব গুণের কারণে মাসুদ ক্রেতাদের আস্থা অর্জন করে স্থায়ী গ্রাহক তৈরি করতে পারেন। তাই তাঁকে দক্ষ বিক্রয়কর্মী বলা যথার্থ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও