বিজ্ঞান • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২০

বিজ্ঞান প্রশ্ন

পুত্র সন্তানের আশায় কুলসুম বেগম আজ চার কন্যা সন্তানের জননী। এজন্য তার স্বামী তাকে কারণে অকারণে গালমন্দ করে। তার বড় মেয়েটির বয়স ১৪ বছর। সাংসারিক অশান্তি ও বিভিন্ন ঝামেলার কারণে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বাবা তাকে বিয়ে দেয়।

  1. ক)

    তুলনামূলক শারীরস্থান কাকে বলে?

    (1)
  2. খ)

    প্লাটিপাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়?

    (2)
  3. গ)

    কুলসুম বেগমের স্বামীর ঐরূপ আচরণ করা যুক্তিযুক্ত নয় কেন? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে উল্লিখিত অবস্থায় বড় মেয়েটি পরবর্তীতে সন্তানসম্ভবা হলে কোনো সমস্যা হবে কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বিভিন্ন প্রাণীর অঙ্গের অন্তর্গঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য-সংক্রান্ত আলোচনাকে তুলনামূলক শারীরস্থান বলে।

  2. খ)

    প্লাটিপাস সরীসৃপের মতো ডিম পাড়ে, আবার স্তন্যপায়ীর মতো এর শরীর লোমে ঢাকা এবং বুকে দুগ্ধগ্রন্থি আছে। এটি সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও প্রায় কোনো পরিবর্তন ছাড়াই এখনো বেঁচে আছে, অথচ এর সমগোত্রীয় ও সমসাময়িক অনেক জীব বিলুপ্ত হয়েছে। এজন্য প্লাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

  3. গ)

    কুলসুম বেগমের স্বামীর আচরণ যুক্তিযুক্ত নয়, কারণ সন্তান ছেলে হবে না মেয়ে হবে তার জন্য মা দায়ী নন।

    ১. মেয়েদের সব ডিম্বাণুতে ২২টি অটোজোম ও একটি X ক্রোমোজোম থাকে।
    ২. ছেলেদের শুক্রাণু দুই ধরনের: কিছুতে X এবং কিছুতে Y ক্রোমোজোম থাকে।
    ৩. X বহনকারী শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হলে XX, অর্থাৎ কন্যাসন্তান হয়; Y বহনকারী শুক্রাণু মিলিত হলে XY, অর্থাৎ পুত্রসন্তান হয়।

    অতএব, সন্তানের লিঙ্গ নির্ধারণ করে পিতার শুক্রাণু। তাই কন্যাসন্তান জন্মের জন্য কুলসুমকে গালমন্দ করা অযৌক্তিক।

  4. ঘ)

    উদ্দীপকের বড় মেয়েটির বয়স ১৪ বছর এবং তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে। এটি বাল্যবিবাহ। এই অবস্থায় সে সন্তানসম্ভবা হলে অবশ্যই সমস্যা হবে।

    ১. মায়ের স্বাস্থ্যঝুঁকি: অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভাবস্থায় রক্তক্ষরণ, শরীরে পানি আসা, তীব্র ব্যথা, চোখে ঝাপসা দেখা, এমনকি গর্ভপাত হতে পারে। মা ও সন্তানের মৃত্যুঝুঁকিও বেশি থাকে।
    ২. সন্তানের ঝুঁকি: গর্ভে সন্তানের বেড়ে ওঠার পর্যাপ্ত জায়গা থাকে না, ফলে কম ওজনের শিশু জন্ম নেয়, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
    ৩. পারিবারিক ও সামাজিক সমস্যা: অসুস্থতার কারণে মেয়েটি সংসারের কাজ করতে পারে না, ফলে পরিবারে অশান্তি দেখা দেয়।

    সুতরাং, বাল্যবিবাহের পর অপরিণত বয়সে সন্তানসম্ভবা হলে মেয়েটি ও তার সন্তান উভয়ই মারাত্মক ঝুঁকিতে পড়বে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন