DU • ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা) ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬

প্রশ্ন ও সমাধান

অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:আমার বলিতে দ্বিধা নাই যে, আমি আজ তাঁহাদেরই দলে, যাঁহারা কর্মী নন-ধ্যানী। যাঁহারা মানবজাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া, কর্ম দিয়া, তাঁহারা মহৎ যদি না-ই হন, অন্তত ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির পিছনে রুধির ধারারমত গোপন, ফুলের মাঝে মাটির মমতা-রসের মত অলক্ষ্যে। আমি কবি- বনের পাখির মত স্বভাব আমার গান করায়। কাহারও ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাহিয়া য়াই। বায়স-ফিঙে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে, তখনও সে এক গাছ হইতে উড়িয়া আর এক গাছে গিয়া গান ধরে। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। সে গান করে আপন মনের আনন্দে- যদি তাহাতে কাহারও অলস-তন্দ্রা মোহ-নিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব। যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই, কাজেই আমি যে গান গাই, তাহা যৌবনের গান। তারুণ্যের ভরা-ভাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে, তাহা আমার অগোচরে। যে চাঁদ সাগরে জোয়ার জাগায় সে হয়ত তাহার শক্তি সম্বন্ধে আজও না-ওয়াকিফ।

(1.1) কল্যাণের ধারণার সঙ্গে আনন্দ কীভাবে সমন্বিত হতে পারে?

(1.2) 'তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান।' – বুঝিয়ে লেখ।

(1.3) 'রুধির' শব্দের দুইটি প্রতিশব্দ লেখ।

(1.4) শব্দার্থ লেখ: চঞ্চু, পরিক্রমণ।

(1.5) পদ নির্ণয় কর: ওয়াকিফ, অগোচরে।

উত্তর ও ব্যাখ্যা

(1.1) কবির মতে, কল্যাণ কেবল কর্ম ও সেবার মধ্য দিয়ে আসে না, সৃষ্টির আনন্দের মধ্য দিয়েও আসে। কর্মী মানুষের সেবা ও কাজের মাধ্যমে কল্যাণ সাধন করেন। আর কবি বনের পাখির মতো আপন মনের আনন্দে গান করেন, কোনো উদ্দেশ্য বা প্রত্যাশা ছাড়াই। সেই গানের আনন্দ মানুষের অলস-তন্দ্রা ও মোহনিদ্রা ভেঙে দেয়, জাগরণ ঘটায়। অর্থাৎ স্বতঃস্ফূর্ত আনন্দ থেকেই কল্যাণ আসে। এভাবে আনন্দ ও কল্যাণ একসূত্রে সমন্বিত হয়।

(1.2) ‘তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান’ বাক্যে গানের পাখির প্রতীকে কবির স্বভাব প্রকাশ পেয়েছে। পাখি সুখে হোক বা দুঃখে, সর্বাবস্থায় গান গায়। কবিও আনন্দ-বেদনা, প্রশংসা-নিন্দা সব অবস্থায় সৃষ্টি করে যান। বায়স-ফিঙের মতো বিরোধীরা আঘাত করলেও তাঁর গান থামে না। সৃষ্টি তাঁর কাছে স্বভাবের অনিবার্য প্রকাশ।

(1.3) ‘রুধির’ শব্দের দুইটি প্রতিশব্দ: রক্ত, শোণিত। (আরও: লোহিত, খুন)

(1.4) চঞ্চু: পাখির ঠোঁট
পরিক্রমণ: প্রদক্ষিণ, ভ্রমণ (এখানে অতিক্রম করা)

(1.5) ওয়াকিফ: বিশেষণ পদ (আরবি-ফারসি শব্দ; অর্থ ‘অবগত’, ‘না-ওয়াকিফ’ অর্থ ‘অনবগত/অজ্ঞ’)
অগোচরে: ক্রিয়া-বিশেষণ (অগোচর শব্দে ‘এ’ বিভক্তি যুক্ত; ‘আমার অগোচরে’ মানে ‘আমার অজান্তে’, যা কাজ ঘটার ধরন বোঝায়)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন