ব্যবসায় উদ্যোগ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব ফারুক একটি শপিংমলে দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করে আসছেন। তিনি তার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত গুণের কারণে মালিক ও ক্রেতার কাছে বেশ জনপ্রিয়। নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে তার জুড়ি নেই। জনাব ফারুক সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহারের অধিকারী।
- ক)(1)
বিপণন কাকে বলে?
- খ)(2)
"মোড়কিকরণ পণ্যকে ক্রেতার কাছে গ্রহণযোগ্য করে"-ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব ফারুকের কাজটি ব্যবসায়ের কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে জনাব ফারুকের মাঝে কী কী গুণাবলি পরিলক্ষিত হয় তা বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পণ্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজের সমষ্টিকে বিপণন বলে।
- খ)
মোড়কীকরণ হলো পণ্যকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার জন্য কিছু দিয়ে আবৃত করা। আকর্ষণীয় মোড়ক ক্রেতার দৃষ্টি কাড়ে এবং পণ্যের মান সম্পর্কে ভালো ধারণা দেয়। মোড়কে পণ্যের তথ্য থাকায় ক্রেতা নিশ্চিন্তে কিনতে পারে। তাই বলা হয়, মোড়কীকরণ পণ্যকে ক্রেতার কাছে গ্রহণযোগ্য করে।
- গ)
জনাব ফারুকের কাজটি বিক্রয়িকতা (Salesmanship) ধারণাকে নির্দেশ করে।
১. বিক্রয়িকতা: বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বিক্রয়িকতা বলে। এর মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়।
২. উদ্দীপকের সাথে মিল: ফারুক সাহেব নিজের অভিজ্ঞতা ও গুণ দিয়ে নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করেন। এটি ক্রেতা আকর্ষণ ও ধরে রাখার কৌশল।
৩. ফল: এতে ব্যবসায়ের বিক্রয় বাড়ে এবং সুনাম তৈরি হয়।অতএব, ফারুক সাহেবের কাজটি বিক্রয়িকতার ধারণাকে নির্দেশ করে।
- ঘ)
জনাব ফারুকের মধ্যে একজন আদর্শ বিক্রয়কর্মীর নিচের গুণগুলো দেখা যায়।
১. অভিজ্ঞতা: তিনি দীর্ঘদিন শপিংমলে চাকরি করছেন। আদর্শ বিক্রয়কর্মীর প্রয়োজনীয় শিক্ষা ও অভিজ্ঞতা থাকা উচিত।
২. মার্জিত ব্যবহার ও সদালাপ: তিনি সদালাপী ও মার্জিত ব্যবহারের অধিকারী। ভদ্র ও অমায়িক ব্যবহার ক্রেতার আস্থা অর্জন করে।
৩. আন্তরিকতা: ক্রেতাদের প্রতি আন্তরিকতা ফারুকের বড় গুণ। এর ফলে ক্রেতা বারবার তাঁর কাছে আসে।
৪. মেলামেশার ক্ষমতা: তিনি সহজে ক্রেতাদের সাথে মিশতে পারেন, ফলে নতুন ক্রেতা স্থায়ী ক্রেতা হয়।সুতরাং, অভিজ্ঞতা, সদালাপ, আন্তরিকতা ও মার্জিত ব্যবহারের কারণে ফারুক একজন আদর্শ বিক্রয়কর্মী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও