বিজ্ঞান • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৩
বিজ্ঞান প্রশ্ন
মোশতাক সাহেব তার বন্ধুর মেয়ের বিয়েতে বিরিয়ানী খাওয়ার পর পাকস্থলীতে 'A' জাতীয় রাসায়নিক পদার্থের মাত্রা বেড়ে যাওয়ায় পেট ব্যথা ও বদহজম শুরু হলো।
- ক)(1)
নির্দেশক কাকে বলে?
- খ)(2)
ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন?
- গ)(3)
মোশতাক সাহেবের সমস্যা থেকে পরিত্রাণের উপায় ব্যাখ্যা করো।
- ঘ)(4)
আমাদের দৈনন্দিন জীবনে 'A' জাতীয় পদার্থের ব্যবহার বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যেসব পদার্থের সাহায্যে কোনো দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ তা রঙের পরিবর্তন দেখে শনাক্ত করা যায়, তাদের নির্দেশক বলে। যেমন- লিটমাস, মিথাইল অরেঞ্জ।
- খ)
ভিনেগার হলো এসেটিক এসিডের জলীয় দ্রবণ, যা একটি জৈব এসিড। জৈব এসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন (H⁺) দেয়। অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে, তার সবগুলো থেকে H⁺ বিমুক্ত হয় না। এই কারণে ভিনেগারকে দুর্বল এসিড বলা হয়।
- গ)
উদ্দীপকের 'A' জাতীয় পদার্থ হলো এসিড, কারণ পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিড বেড়ে গেলে এসিডিটি হয়। মোশতাক সাহেবের সমস্যা থেকে পরিত্রাণের উপায় নিচে দেওয়া হলো।
১. এন্টাসিড সেবন: ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জাতীয় এন্টাসিড খেলে এরা অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিডের সাথে প্রশমন বিক্রিয়া করে। এসিড + ক্ষার → লবণ + পানি। ফলে এসিড নিষ্ক্রিয় হয়ে ব্যথা কমে যায়।
২. খাদ্যাভ্যাস পরিবর্তন: ভাজা, তেলযুক্ত ও গুরুপাক খাবার এবং অতিরিক্ত চা-কফি কম খেতে হবে।
৩. ক্ষারধর্মী খাবার: পুঁইশাক, পালংশাক, গাজর, আলু, ফুলকপি প্রভৃতি শাকসবজি এবং ডাল ও বাদাম খেলে এসিডিটি কমে।
৪. দুশ্চিন্তা এড়ানো, সময়মতো খাওয়া ও পর্যাপ্ত ঘুমানো।
- ঘ)
দৈনন্দিন জীবনে 'A' জাতীয় পদার্থ অর্থাৎ এসিডের ব্যবহার বহুমুখী। বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার নিচে বিশ্লেষণ করা হলো।
১. খাদ্য সংরক্ষণ ও হজমে: আচার ও চাটনি সংরক্ষণে ভিনেগার বা এসেটিক এসিড ব্যবহৃত হয়। গুরুপাক খাবারের পর কোমল পানীয়, বোরহানি বা দই খেলে এসিডের কারণে হজম সহজ হয়। দইয়ে থাকা ল্যাকটিক এসিড হজমে সাহায্য করে।
২. স্বাস্থ্যে: লেবু, আমলকী, পেয়ারায় থাকা ভিটামিন C বা অ্যাসকরবিক এসিড ক্ষত সারাতে সাহায্য করে এবং এর অভাবে স্কার্ভি হয়। বোলতার হুলের ক্ষারজাতীয় হিস্টামিনের জ্বালা কমাতে ভিনেগার জাতীয় এসিডযুক্ত মলম ব্যবহৃত হয়।
৩. গৃহস্থালি ও শিল্পে: টয়লেট পরিষ্কারকের মূল উপাদান HCl, HNO₃ বা H₂SO₄ জাতীয় শক্তিশালী এসিড। গাড়ি ও আইপিএসের ব্যাটারিতে সালফিউরিক এসিড থাকে। নাইট্রিক, সালফিউরিক ও ফসফরিক এসিড দিয়ে সার কারখানায় অ্যামোনিয়াম নাইট্রেট, সালফেট ও ফসফেট সার তৈরি হয়।
৪. সাবধানতা: শক্তিশালী এসিড গায়ে লাগলে পুড়ে যায়, কাপড় ও ধাতু ক্ষয় করে।
সুতরাং, এসিড আমাদের জীবনে অপরিহার্য, তবে শক্তিশালী এসিড ব্যবহারে সতর্কতা জরুরি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও