ব্যবসায় উদ্যোগ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
'আস্থা ট্রেডিং' এর কর্ণধার জনাব মাসুদ ভোগ্য পণ্যসামগ্রীর ব্যবসায়ী। তিনি মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে ক্রেতাদের নিকট বিক্রয় করেন। এ ছাড়াও তিনি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করেন না। অপরপক্ষে 'মেধা ট্রেডিং' এর কর্ণধার জনাব শফিক মানসম্মত পণ্য বিক্রয় করেন না এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করেন।
- ক)(1)
শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কী?
- খ)(2)
নৈতিকতা কী? ব্যাখ্যা কর।
- গ)(3)
জনাব মাসুদ কোন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
উদ্দীপকের কোন ব্যবসায়ীকে তুমি সমর্থন কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ব্যবসায়, বিশেষ করে শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ।
- খ)
নৈতিকতা বলতে মানুষের ভালো-মন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিকটি গ্রহণ করাকে বোঝায়। শব্দটি গ্রিক শব্দ ইথোস (Ethos) থেকে এসেছে, যার অর্থ মানব আচরণের মানদণ্ড।
নৈতিকতা মানুষের দৈনন্দিন কাজের সঙ্গে জড়িত। ব্যবসায়ের ক্ষেত্রে সততা বজায় রাখা, গ্রাহকদের সঙ্গে প্রতারণা না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা ও কৃত্রিম সংকট সৃষ্টি না করা নৈতিকতার উদাহরণ। - গ)
জনাব মাসুদ ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন।
ক্রেতা ও ভোক্তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই ব্যবসায়ীকে পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য সরবরাহ করা, পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর করা এবং পণ্য ও বাজারসংক্রান্ত তথ্য সরবরাহ করার দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকে মাসুদ মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে ক্রেতাদের কাছে বিক্রয় করেন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করেন না। এ কাজগুলো ক্রেতা ও ভোক্তাদের প্রতি তাঁর দায়বদ্ধতা পালনের উদাহরণ।
- ঘ)
উদ্দীপকে 'আস্থা ট্রেডিং'-এর জনাব মাসুদ ও 'মেধা ট্রেডিং'-এর জনাব শফিকের মধ্যে আমি জনাব মাসুদকে সমর্থন করি।
১. নৈতিকতা অনুসরণ: মাসুদ মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করেন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করেন না। এগুলো ব্যবসায়ের নৈতিকতার মূল বিষয়। শফিক মানসম্মত পণ্য বিক্রি করেন না এবং কৃত্রিম সংকট সৃষ্টি করেন, যা নৈতিকতার পরিপন্থি।
২. ক্রেতার আস্থা ও সফলতা: ক্রেতা ও ভোক্তাদের আস্থার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। মাসুদ আস্থা অর্জন করে দীর্ঘমেয়াদে সুনাম ও স্থায়ী গ্রাহক পাবেন।
৩. সমাজের কল্যাণ: মানসম্মত পণ্য বিক্রি জনস্বাস্থ্য রক্ষা করে ও বাজার স্থিতিশীল রাখে। কৃত্রিম সংকটে মূল্য বাড়ে এবং ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন।সুতরাং, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা পালন করায় জনাব মাসুদের ব্যবসায়ই সমর্থনযোগ্য।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও