অর্থনীতি • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
অর্থনীতি প্রশ্ন
প্রিতম একদিন সকালে কাঁচামরিচ কেনার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি দেখতে পেলেন কাঁচামরিচের সরবরাহ অনেক কম কিন্তু চাহিদা অনেক বেশি। ফলে অনেক বেশি দামে কাঁচামরিচ না কিনে মুদির দোকান থেকে প্যাকেটজাত গুঁড়ামরিচ কিনলেন।
- ক)(1)
স্থানীয় বাজার কাকে বলে?
- খ)(2)
একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য থাকে না কেন?
- গ)(3)
উদ্দীপকে উল্লিখিত কাঁচামরিচের বাজারটি সময়ের প্রেক্ষিতে কোন ধরনের বাজার? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে উল্লিখিত কাঁচামরিচের বাজারের সাথে গুঁড়ামরিচের বাজারের পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে বাজারে কোনো পণ্যের ক্রেতা-বিক্রেতা শুধু একটি নির্দিষ্ট এলাকা বা স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে স্থানীয় বাজার বলে।
- খ)
একচেটিয়া বাজারে কোনো পণ্যের একমাত্র বিক্রেতা থাকে, এবং ঐ পণ্যের কোনো ঘনিষ্ঠ বিকল্প থাকে না। ফার্ম হলো একটি পণ্যের একক উৎপাদন প্রতিষ্ঠান আর শিল্প হলো একই পণ্য উৎপাদনকারী সব ফার্মের সমষ্টি। একচেটিয়া বাজারে মাত্র একটি ফার্মই পুরো পণ্য উৎপাদন করে। তাই ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না।
- গ)
কাঁচামরিচ পচনশীল পণ্য এবং উদ্দীপকে এর সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি। সময়ের প্রেক্ষিতে এটি অতি স্বল্পকালীন বাজার (Very Short Period Market)।
১. এ বাজারে পণ্য পচনশীল হওয়ায় বেশি দিন সংরক্ষণ করা যায় না।
২. জোগান সীমিত থাকে এবং তাৎক্ষণিকভাবে বাড়ানো সম্ভব হয় না।
৩. তাই দাম নির্ধারণে জোগানের চেয়ে চাহিদার প্রভাব বেশি থাকে।সুতরাং, সরবরাহ কম ও চাহিদা বেশি থাকায় কাঁচামরিচের বাজারে দাম অনেক বেড়েছে।
- ঘ)
কাঁচামরিচের বাজার অতি স্বল্পকালীন বাজার, আর প্যাকেটজাত গুঁড়ামরিচের বাজার তুলনায় স্বল্পকালীন বাজার। এ দুয়ের মধ্যে পার্থক্য:
১. পচনশীলতা: কাঁচামরিচ দ্রুত পচে যায়, তাই তা সংরক্ষণ করা কঠিন। গুঁড়ামরিচ প্যাকেটজাত ও সহজে সংরক্ষণযোগ্য।
২. জোগান: কাঁচামরিচের জোগান প্রায় স্থির, তাই চাহিদা বাড়লেও জোগান বাড়ানো যায় না। গুঁড়ামরিচের জোগান কিছুটা বাড়ানো বা কমানো যায়, যেমন মজুদ পণ্য বাজারে এনে।
৩. দামের নির্ধারক: কাঁচামরিচের দাম মূলত চাহিদার ওপর নির্ভর করে। গুঁড়ামরিচের দাম চাহিদা ও জোগান উভয়ের দ্বারা নির্ধারিত হয়।
৪. দামের স্থিতিশীলতা: কাঁচামরিচের দামে ওঠানামা বেশি, গুঁড়ামরিচের দাম তুলনামূলক স্থিতিশীল।সুতরাং, পণ্যের প্রকৃতি ও জোগান সমন্বয়ের সুযোগের কারণে দুটি বাজারের বৈশিষ্ট্য ভিন্ন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও