বাংলা ১ম পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২২
বাংলা ১ম পত্র প্রশ্ন
শাহেদ একজন হকার। প্রতিদিন সকাল হলেই সে খবরের কাগজ নিয়ে দ্বারে দ্বারে যায়। এটাকে সে অনেক বড়ো দায়িত্ব মনে করে। সে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও দায়িত্ব পালন করে। এতে তার কোনো ক্লান্তি নেই। সল্প পারিশ্রমিকেও তার অসন্তুষ্টি নেই। সে মনে করে, টাকার চেয়ে দায়িত্ব বড়ো।
- ক)(1)
কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা যান?
- খ)(2)
রানার প্রতিদিন কেন ছুটে চলে?
- গ)(3)
উদ্দীপকে 'রানার' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"উদ্দীপকটি 'রানার' কবিতার মূলভাবের আংশিক রূপ"-উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সুকান্ত ভট্টাচার্য ২১ বছর বয়সে মারা যান।
- খ)
রানার প্রতিদিন ছুটে চলে জীবিকার তাগিদে এবং দায়িত্ববোধ থেকে। তাকে রাতের অন্ধকারে ডাকের বোঝা নিয়ে সময়মতো গন্তব্যে পৌঁছে দিতে হয়। অভাবের সংসারে অল্প মজুরির এই কাজ ছাড়া তার বাঁচার উপায় নেই। তাই ক্লান্তি ও ভয় উপেক্ষা করে সে প্রতিদিন ছুটে চলে।
- গ)
উদ্দীপকে ‘রানার’ কবিতার কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ববোধ-এর দিকটি ফুটে উঠেছে।
উদ্দীপকের হকার শাহেদ প্রতিদিন সকালে দ্বারে দ্বারে খবরের কাগজ পৌঁছে দেয়। ঝড়-বৃষ্টিতেও তার ক্লান্তি নেই, অল্প পারিশ্রমিকেও অসন্তোষ নেই। ‘রানার’ কবিতার রানারও রাতের অন্ধকার, বন্য প্রাণী ও নানা বিপদ উপেক্ষা করে ডাক পৌঁছে দেয়। দুজনই নিজের কাজকে দায়িত্ব মনে করে নিষ্ঠার সঙ্গে পালন করে।
- ঘ)
উক্তিটি যথার্থ। উদ্দীপকে শুধু কর্তব্যনিষ্ঠার একটি দিক এসেছে, কিন্তু ‘রানার’ কবিতার ভাব আরও ব্যাপক।
১. উদ্দীপকের শাহেদ নিজের কাজে সন্তুষ্ট এবং অল্প পারিশ্রমিক নিয়ে অভিযোগ করে না। কবিতায় রানার অভাব, দুঃখ ও বঞ্চনার শিকার; তার শ্রমের ন্যায্য মূল্য সে পায় না।
২. কবিতায় শোষক শ্রেণির প্রতি কবির ক্ষোভ এবং শোষিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে তা নেই।
৩. কবিতায় শোষণহীন নতুন সমাজ ও নতুন ভোরের আশাবাদ আছে, উদ্দীপকে এ আশাবাদ অনুপস্থিত।সুতরাং, উদ্দীপকটি ‘রানার’ কবিতার মূলভাবের আংশিক রূপ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও