ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২০

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

মামুন, মাসুদসহ পাঁচ বন্ধু মিলে একটি সংগঠন গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানটির শেয়ার জনগণের কাছে বিক্রয়যোগ্য নয়। অপরদিকে মাসুদদের প্রতিষ্ঠানে কর্মরত এ রকম ২৫ জন ব্যক্তি মিলে 'সতেজ' নামে একটি সংগঠন গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানটি সকল সদস্যের মতামতের ভিত্তিতে পরিচালনা করা হয়। এছাড়া সদস্যরা একে অপরের বিপদে-আপদে সাহায্য-সহযোগিতা করে থাকেন। বর্তমানে 'সতেজ' সংগঠনটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

  1. ক)

    একমালিকানা সংগঠন কাকে বলে?

    (1)
  2. খ)

    আপাতদৃষ্টিতে অংশীদারের দায়ের ধরন ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    মামুন ও মাসুদদের সংগঠনটি কোন ধরনের? বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকের 'সতেজ' প্রতিষ্ঠানটি সঠিক নীতির আলোকে মূল্যায়ন করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যে ব্যবসায় একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় এবং যার লাভ-ক্ষতি মালিক একাই বহন করেন, তাকে একমালিকানা ব্যবসায় বলে।

  2. খ)

    আপাতদৃষ্টিতে অংশীদার (Quasi Partner) হলেন তিনি, যিনি ব্যবসায় থেকে অবসর নেওয়ার পরও মূলধন তুলে না নিয়ে ঋণ হিসেবে ব্যবসায় জমা রাখেন। প্রকৃতপক্ষে তিনি ব্যবসায়ের পাওনাদার। তবে অবসরের কথা গণবিজ্ঞপ্তির মাধ্যমে না জানিয়ে ব্যবসায়ে থেকে গেলে ব্যবসায়ের কাজের জন্য তিনি তৃতীয় পক্ষের কাছে দায়ী থাকেন।

  3. গ)

    মামুন ও মাসুদদের সংগঠনটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।

    যে যৌথমূলধনি ব্যবসায়ে শেয়ার জনগণের কাছে বিক্রয় করা যায় না এবং সদস্যসংখ্যা সীমিত (সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন), তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এটি কোম্পানি আইনের আওতায় গঠিত হয় এবং এর কৃত্রিম ব্যক্তিসত্তা থাকে। উদ্দীপকে মামুন, মাসুদসহ পাঁচজন বন্ধু মিলে প্রতিষ্ঠান গড়েছেন এবং এর শেয়ার জনগণের কাছে বিক্রয়যোগ্য নয়। এ বৈশিষ্ট্যগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে মিলে যায়।

  4. ঘ)

    উদ্দীপকের 'সতেজ' প্রতিষ্ঠানটি সমবায় সমিতি। সমবায়ের মূলনীতির আলোকে এর মূল্যায়ন নিচে দেওয়া হলো।

    ১. একতা: সমবায়ের প্রধান নীতি সমমনা ও সমপেশার লোকদের একতা। 'সতেজ'-এর ২৫ জন সদস্য একই প্রতিষ্ঠানে কর্মরত, অর্থাৎ সমপেশার।
    ২. গণতান্ত্রিক মূল্যবোধ: সমবায়ে প্রত্যেকের একটি ভোট থাকে এবং মতামত প্রকাশে সকলের সমান সুযোগ থাকে। উদ্দীপকে প্রতিষ্ঠানটি সকল সদস্যের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়।
    ৩. পারস্পরিক সহযোগিতা: 'সকলের তরে সকলে' নীতি অনুযায়ী সদস্যরা একে অপরের বিপদে-আপদে সাহায্য করেন।
    ৪. সাম্য ও আস্থা: সদস্যদের মধ্যে সমান মর্যাদা এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস সমবায়ের সাফল্যের চাবিকাঠি।

    সুতরাং, সমবায়ের মূলনীতিগুলো মেনে চলার কারণেই 'সতেজ' আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন