ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৬
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
টিভিতে প্রামাণ্যচিত্রে পরপর তিনটি পর্বতের ছবি দেখানো হলো। ১ম পর্বতটি কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে, ২য় পর্বতটি লাভা দ্বারা সৃষ্ট এবং ৩য় পর্বতটি ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপের ফলে সৃষ্টি হয়েছে।
- ক)(1)
শিলা কাকে বলে?
- খ)(2)
নদীর মোহনায় কোন ধরনের সমভূমি গড়ে ওঠে? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের প্রথম পর্বতটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
২য় ও ৩য় পর্বতদ্বয়ের মধ্যে কোনটি সাধারণত মোচাকৃতির হয়ে থাকে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ভূত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থকে শিলা বলে। যেমন নুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, বালি।
- খ)
নদীর মোহনায় সঞ্চয়জাত সমভূমি, বিশেষ করে ব-দ্বীপ গড়ে ওঠে। নদী মোহনার কাছে এলে স্রোতের বেগ একেবারে কমে যায় এবং বালি ও কাদা তলানিরূপে জমে। এতে চরা পড়ে নদী কয়েকটি শাখায় ভাগ হয়ে সাগরে পড়ে। এভাবে ত্রিকোণাকার নতুন সমতলভূমি ব-দ্বীপ সৃষ্টি হয়।
- গ)
উদ্দীপকের প্রথম পর্বতটি কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে। এটি ভঙ্গিল পর্বত।
সমুদ্রের তলদেশের অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি জমা হয়। পরে ভূআলোড়ন বা ভূমিকম্প এবং পার্শ্ববর্তী শক্ত ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপে ঊর্ধ্বভাঁজ ও অধঃভাঁজ সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এসব ভাঁজ মিলে ভঙ্গিল পর্বত গঠিত হয়। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। হিমালয়, আল্পস, রকি ও আন্দিজ এর উদাহরণ।
- ঘ)
২য় ও ৩য় পর্বতের মধ্যে ২য় পর্বতটি, অর্থাৎ আগ্নেয় পর্বত সাধারণত মোচাকৃতির হয়।
১. ২য় পর্বত (আগ্নেয় পর্বত): আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও অন্যান্য পদার্থ বহুকাল ধরে নির্গমনপথের চারদিকে সঞ্চিত ও জমাট বেঁধে এই পর্বত সৃষ্টি হয়। মূল নির্গমনপথকে ঘিরে ক্রমশ উঁচু হয়ে ওঠায় এটি মোচাকৃতি হয়। উদাহরণ ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা।
২. ৩য় পর্বত (ল্যাকোলিথ পর্বত): ম্যাগমা ভূপৃষ্ঠে বের হতে না পেরে ভূত্বকের নিচে জমাট বাঁধে এবং ঊর্ধ্বমুখী চাপে ভূত্বক গম্বুজ আকার ধারণ করে। এর কোনো শৃঙ্গ থাকে না, ঢাল সামান্য খাড়া।সুতরাং, ২য় পর্বতটিই সাধারণত মোচাকৃতির হয়, ৩য় পর্বতটি গম্বুজাকৃতির।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও