ব্যবসায় উদ্যোগ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব আকিব ও সাজিদ দুই বন্ধু এইচএসসি পাসের পর তাদের নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গিফট ও ফাস্টফুড আইটেম তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। অল্প কিছু দিনের মধ্যে তাদের তৈরি পণ্যগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করে। ব্যবসায়টি সম্প্রসারণের জন্য অধিক পুঁজি প্রয়োজন দেখা দেওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে সমস্যার সমাধান করেন।
- ক)(1)
প্রজনন শিল্প কী?
- খ)(2)
প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
- গ)(3)
ব্যবসায়ে কোন পরিবেশের সহায়তায় মি. আকিব ও সাজিদ ৩ পণ্য বিক্রয় করতে সক্ষম হয়েছেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
জনাব আকিব ও সাজিদের ব্যবসায় সম্প্রসারণে কোন পরিবেশের প্রভাব লক্ষণীয়? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকে প্রজনন শিল্প বলে। যেমন: নার্সারি, হ্যাচারি।
- খ)
অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবী অর্থের বিনিময়ে যে সেবাকর্ম প্রদান করেন, তাকে প্রত্যক্ষ সেবা বলে। এটি আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। যেমন: ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, অডিট ফার্ম।
- গ)
আকিব ও সাজিদ প্রযুক্তিগত পরিবেশের সহায়তায় পণ্য বিক্রয় করতে সক্ষম হয়েছেন।
১. প্রযুক্তিগত পরিবেশ: ব্যবসায়ে ব্যবহৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কারিগরি দক্ষতা ও উন্নত প্রযুক্তি এই পরিবেশের উপাদান।
২. উদ্দীপকের সাথে মিল: তাঁরা নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে গিফট ও ফাস্টফুড তৈরি করেছেন এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করেছেন। ইন্টারনেট ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি ছাড়া এটি সম্ভব হতো না।
৩. ফল: এতে তাঁরা সহজে ও কম খরচে বেশি ক্রেতার কাছে পৌঁছাতে পেরেছেন এবং পণ্য জনপ্রিয়তা পেয়েছে।অতএব, প্রযুক্তিগত পরিবেশের সহায়তায় তাঁরা পণ্য বিক্রয় করতে পেরেছেন।
- ঘ)
আকিব ও সাজিদের ব্যবসায় সম্প্রসারণে অর্থনৈতিক পরিবেশের প্রভাব লক্ষণীয়।
১. অর্থনৈতিক পরিবেশ: সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন এবং অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা এই পরিবেশের উপাদান। এটি ব্যবসায়ের পুঁজি যোগানে সহায়তা করে।
২. উদ্দীপকের সাথে মিল: ব্যবসায় বড় করতে তাঁদের অধিক পুঁজির প্রয়োজন হয়। তাঁরা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে সমস্যার সমাধান করেছেন।
৩. প্রভাব: দেশে কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা থাকায় তাঁরা সহজে মূলধন পেয়েছেন এবং উৎপাদন বাড়িয়ে ব্যবসায় সম্প্রসারণ করতে পেরেছেন।সুতরাং, তাঁদের ব্যবসায় সম্প্রসারণে অর্থনৈতিক পরিবেশের প্রভাব স্পষ্ট।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও