ব্যবসায় উদ্যোগ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২২
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
'ফুল মিয়া একজন ফল বিক্রেতা। তিনি তার দোকানে ছোট-বড়, টক-মিষ্টি ইত্যাদি ফলগুলো আলাদা আলাদা ঝুড়িতে সাজিয়ে পৃথক বিক্রয়মূল্য নির্ধারণ করে বিক্রয় করেন। ফলে বিক্রয় কাজে তার সময় ও শ্রম উভয়ই কম লাগে। সম্প্রতি তিনি পান্না নামে একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। তার দোকানে যেকোনো বয়সের ক্রেতা আসলে বিক্রয়কর্মী 'সবার প্রতি সচেতন থেকে ভালো আচরণ করেন। কোনো ক্রেতা পণ্যের মান বা মূল্য সম্পর্কে কম দাম বললেও তাদের সাথে তর্ক না করে চুপ থাকেন।
- ক)(1)
বিপণন কী?
- খ)(2)
নমুনা পণ্য কী? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে ফুল মিয়ার দ্বারা বিপণনের কোন কাজটি সম্পাদিত হয়? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
পান্নার মধ্যে বিক্রয়কর্মীর কোন গুণটি প্রকাশ পেয়েছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পণ্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজের সমষ্টিকে বিপণন বা বাজারজাতকরণ বলে।
- খ)
বিজ্ঞাপনের একটি মাধ্যম হিসেবে ক্রেতাকে যে পণ্যের ক্ষুদ্র অংশ বা কিছু নমুনা বিনামূল্যে দেওয়া হয়, তাকে নমুনা পণ্য বলে। সাধারণত ওষুধ কোম্পানি, পুস্তক বিক্রেতা ও প্রসাধনসামগ্রীর ক্ষেত্রে নমুনা বিতরণ করা হয়। এর মাধ্যমে ক্রেতা পণ্যের গুণ যাচাই করে কিনতে আগ্রহী হয়।
- গ)
উদ্দীপকে ফুল মিয়ার দ্বারা বিপণনের পর্যায়িতকরণ (Grading) কাজটি সম্পাদিত হয়। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী এটি করা হয়। ফুল মিয়া ছোট-বড়, টক-মিষ্টি ফলগুলো আলাদা আলাদা ঝুড়িতে সাজিয়ে আলাদা মূল্য ঠিক করেন। এতে ক্রেতার পছন্দমতো ফল বেছে নেওয়া সহজ হয়। ফলে বিক্রয় সহজ হয় এবং তার সময় ও শ্রম কম লাগে।
- ঘ)
আমার মতে, পান্নার মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর জেন্ডার সচেতনতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গুণ দুটি প্রকাশ পেয়েছে।
১. জেন্ডার সচেতনতা: নারী-পুরুষ, ছেলে-মেয়ে ও বয়স্ক ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করা উচিত সে সম্পর্কে বিক্রয়কর্মীর সচেতন থাকা দরকার। পান্না যেকোনো বয়সের ক্রেতা এলে সবার প্রতি সচেতন থেকে ভালো আচরণ করেন।
২. ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য: ক্রেতা পণ্যের মান বা মূল্য নিয়ে অপ্রত্যাশিত মন্তব্য করলেও আদর্শ বিক্রয়কর্মী ক্রেতাকে প্রভাবিত করে এবং তর্কে জড়ায় না। পান্না কম দাম বললেও তর্ক না করে চুপ থাকেন।
৩. এসব গুণ ক্রেতাদের আস্থা অর্জন করে তাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে।সুতরাং, জেন্ডার সচেতনতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এ দুটি গুণই পান্নার মধ্যে প্রকাশ পেয়েছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও