ভূগোল এবং পরিবেশ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

মানচিত্র | বৈশিষ্ট্য
P | শ্রেণিকক্ষে ব্যবহার হয়
Q | নিখুঁতভাবে সীমানা দেয়া থাকে
R | খুব ছোট স্কেলে অঙ্কন করা হয়

  1. ক)

    মানচিত্র কাকে বলে?

    (1)
  2. খ)

    প্রমাণ সময় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    'P' দ্বারা কোন মানচিত্র নির্দেশ করে? বিবরণ দাও।

    (3)
  4. ঘ)

    'Q' ও 'R' মানচিত্রদ্বয়ের তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমারেখাসহ কোনো সমতল ক্ষেত্রের ওপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপ।

  2. খ)

    একটি বড় দেশের বিভিন্ন স্থানের স্থানীয় সময় আলাদা হলে সময় গণনায় বিভ্রাট ঘটে। এ বিভ্রাট এড়াতে প্রত্যেক দেশে একটি নির্দিষ্ট সময় ঠিক করা হয়, একে প্রমাণ সময় বলে। সাধারণত দেশের মধ্যভাগের দ্রাঘিমারেখার সময়কে প্রমাণ সময় ধরা হয়। যেমন- বাংলাদেশের মধ্য দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা গেছে, তাই এর স্থানীয় সময়ই আমাদের প্রমাণ সময়।

  3. গ)

    'P' দ্বারা দেয়াল মানচিত্র (Wall map) নির্দেশ করে, কারণ এ মানচিত্র শ্রেণিকক্ষে ব্যবহার করা হয়।

    বিবরণ :
    ১. দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণিকক্ষে ব্যবহারের জন্য।
    ২. এতে সারা বিশ্ব বা কোনো গোলার্ধ প্রকাশ করা হয়। প্রয়োজনমতো একটি দেশ বা একটি মহাদেশকে আলাদাভাবে বড় বা ছোট স্কেলে দেখানো যায়।
    ৩. এর স্কেল ভূসংস্থানিক মানচিত্রের চেয়ে ছোট, কিন্তু ভূচিত্রাবলি মানচিত্রের চেয়ে বড়।

  4. ঘ)

    'Q' হলো ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র, কারণ এতে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। 'R' হলো ভূচিত্রাবলি বা এটলাস মানচিত্র, কারণ এটি খুব ছোট স্কেলে অঙ্কন করা হয়। দুটির তুলনামূলক বৈশিষ্ট্য নিম্নরূপ-

    ১. স্কেল : মৌজা মানচিত্র বৃহৎ স্কেলে অঙ্কিত হয়। এটলাস মানচিত্র খুব ছোট স্কেলে করা হয়।
    ২. এলাকা ও তথ্য : মৌজা মানচিত্রে ছোট এলাকা বড় করে দেখানো হয়, তাই অনেক তথ্য ভালোভাবে থাকে। এটলাসে একটি পৃষ্ঠায় সমগ্র পৃথিবী বা দেশের অনেক অঞ্চল দেখানো হয়।
    ৩. উদ্দেশ্য : মৌজা মানচিত্র ভূমি বা বিল্ডিংয়ের মালিকানার সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত হয়; এর মাধ্যমে সরকার ভূমির মালিকের কাছ থেকে কর আদায়ের হিসাব করে। এটলাস প্রাকৃতিক, জলবায়ুগত ও অর্থনৈতিক বৈশিষ্ট্য দেখাতে ব্যবহৃত হয়।
    ৪. প্রতীক : এটলাসে স্থানের অভাবে রঙ ও প্রতীক দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয়।

    সুতরাং, মৌজা মানচিত্র বিস্তারিত ও নিখুঁত সীমানাভিত্তিক, আর এটলাস সংক্ষিপ্ত ও ব্যাপক এলাকাভিত্তিক মানচিত্র।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন