ব্যবসায় উদ্যোগ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

ঢাকার আরিফা খাতুন একবার তুরস্কে বেড়াতে যান। সেখানে 'বাকা লাভা' নামের অত্যন্ত সুস্বাদু খাবার খান। তিনি এটি তৈরির খুঁটিনাটি বিষয় জেনে আসেন। ঢাকায় তিনি বাণিজ্যিকভাবে 'বাকা লাভা' উৎপাদন শুরু করেন। তিনি পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশনে পণ্যটি প্রচারের ব্যবস্থা করেন। অধিকন্তু একদিন তিনি শহরের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদেরকে দুপুরের নাস্তার জন্য পণ্যটি সরবরাহ করেন।

  1. ক)

    বিক্রয়িকতা কাকে বলে?

    (1)
  2. খ)

    পর্যায়িতকরণ কী? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    শিক্ষকদেরকে দুপুরের নাস্তা সরবরাহ করে আরিফা খাতুন বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    "আরিফা খাতুনের ব্যবসায়ে বিজ্ঞাপন অপরিহার্য"- উক্তিটি বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার যে কৌশল বা দক্ষতার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবা বিক্রয় করতে সক্ষম হয়, তাকে বিক্রয়িকতা বলে।

  2. খ)

    মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ (Grading) বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। যেমন- আম বা ডিমকে আকার ও গুণমান অনুযায়ী আলাদা করে সাজানো। এতে ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেওয়া সহজ হয় এবং বিক্রয় সহজ হয়।

  3. গ)

    শিক্ষকদের দুপুরের নাস্তার জন্য পণ্য সরবরাহ করে আরিফা খাতুন বিজ্ঞাপনের নমুনা (Sample) মাধ্যমটি ব্যবহার করেছেন।

    ১. নমুনা বিজ্ঞাপনে ক্রেতাকে পণ্যের নমুনা প্রদান করা হয়, যাতে তারা পণ্যের মান ও স্বাদ নিজে যাচাই করতে পারে। সাধারণত ওষুধ কোম্পানি ও প্রসাধনসামগ্রীর ক্ষেত্রে এটি দেখা যায়।
    ২. 'বাকা লাভা' একটি নতুন খাবার। আরিফা কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের তা সরবরাহ করে সম্ভাব্য ক্রেতাদের স্বাদ নিতে দিয়েছেন।
    ৩. পণ্য ভালো লাগলে এই শিক্ষকরা নিজেরা কিনবেন এবং অন্যদেরও জানাবেন।

    অতএব, তিনি বিজ্ঞাপনের নমুনা মাধ্যমটি ব্যবহার করেছেন।

  4. ঘ)

    আরিফা খাতুনের ব্যবসায়ে বিজ্ঞাপন অপরিহার্য, কারণ 'বাকা লাভা' বাংলাদেশে একটি নতুন ও অপরিচিত পণ্য।

    ১. পণ্য সম্পর্কে অবহিতকরণ: বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারে। আরিফা তাই পত্র-পত্রিকা, রেডিও ও টেলিভিশনে পণ্যটি প্রচার করেছেন।
    ২. চাহিদা সৃষ্টি: বিজ্ঞাপনে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি তুলে ধরা হলে চাহিদা বাড়ে, ফলে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়।
    ৩. সুনাম অর্জন: নিয়মিত বিজ্ঞাপন ব্যবসায়ের সুনাম তৈরি ও ধরে রাখতে সাহায্য করে।
    ৪. বাজার সম্প্রসারণ: বিজ্ঞাপনের প্রভাবে বাজার বাড়ে, ফলে ব্যবসায়ের প্রসার ঘটে ও কর্মসংস্থান বাড়ে।

    সুতরাং, নতুন পণ্যকে বাজারে প্রতিষ্ঠিত করতে আরিফা খাতুনের ব্যবসায়ে বিজ্ঞাপন অপরিহার্য।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন