ব্যবসায় উদ্যোগ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব জামিল এবং রতন দুই বন্ধু আলাদা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। জামিল কর্মীদের আদেশ দেন কিন্তু জবাবদিহি করেন না এবং সবসময় নেতিবাচক মনোভাব পোষণ করেন। অপরদিকে, রতন কর্মীদের সাথে পরামর্শ করেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। তিনি কর্মীদের প্রশ্ন করেন এবং জবাবদিহিতা আশা করেন।
- ক)(1)
ব্যবসায় অর্থায়ন কী?
- খ)(2)
ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? ব্যাখ্যা কর।
- গ)(3)
উদ্দীপকে জনাব জামিলের নেতৃত্বের ধরন কোনটি? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
উদ্দীপকে জনাব জামিল ও রতনের নেতৃত্বের ধরন বিবেচনায় তোমার নিকট কোনটি অধিক গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ এবং সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সকল কার্যাবলিকে ব্যবসায় অর্থায়ন বলে।
- খ)
ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ, কে, কীভাবে ও কখন করবে তা এ পর্যায়ে নির্ধারণ করা হয়। পরিকল্পনার ভিত্তিতেই সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা ও নিয়ন্ত্রণের কাজ করা হয়। তাই পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম কাজ।
- গ)
উদ্দীপকে জনাব জামিলের নেতৃত্বের ধরন হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।
১. স্বৈরতান্ত্রিক নেতা শুধু আদেশ করেন, কিন্তু জবাবদিহি করেন না। জামিলও কর্মীদের আদেশ দেন কিন্তু জবাবদিহি করেন না।
২. এ ধরনের নেতা কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। জামিলও কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব দেখান।
৩. এই নেতৃত্বে কর্মীদের পরামর্শ নেওয়া হয় না এবং কর্মীদের সবসময় চাপের মুখে রাখা হয়।তাই জামিলের নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।
- ঘ)
জামিলের নেতৃত্ব স্বৈরতান্ত্রিক এবং রতনের নেতৃত্ব গণতান্ত্রিক। আমার মতে রতনের নেতৃত্ব, অর্থাৎ গণতান্ত্রিক নেতৃত্ব, অধিক গ্রহণযোগ্য।
১. কর্মীদের অংশগ্রহণ: রতন কর্মীদের সাথে পরামর্শ করেন ও তথ্য সংগ্রহ করেন। ফলে সিদ্ধান্ত বাস্তবসম্মত হয় এবং কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন।
২. জবাবদিহিতা: রতন কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেন, জবাব দেন এবং নিজেও জবাবদিহি করেন। এতে প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও আস্থা তৈরি হয়।
৩. কর্মস্পৃহা: স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা চাপে থাকে এবং প্রতিষ্ঠানকে নিজের ভাবতে পারে না। ফলে কর্মস্পৃহা ও উৎপাদনশীলতা কমে যায়।সুতরাং, কর্মীদের মনোবল ও দক্ষতা বাড়িয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে রতনের গণতান্ত্রিক নেতৃত্বই বেশি গ্রহণযোগ্য।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও