পৌরনীতি ও নাগরিকতা • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫
পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন
রফিক তার এলাকায় একটি সমবায় সমিতি গঠন করেন। সমিতি কী কী কাজ করবে, সদস্যরা কী দায়িত্ব পালন করবে, কী কী নিয়মকানুন থাকবে তা লিখে একটি বই তৈরি করলেন। সে অনুযায়ী কাজ শুরু করলেন। অপরদিকে বাবুল একটি সমিতি গঠন করলেন এবং নিয়মকানুনগুলো মৌখিক বলে দিলেন। আবার যখন যে ধরনের সমস্যায় পড়েন তখন নতুন নিয়মের মাধ্যমে সমাধান করেন। এ রকম নিয়মের জন্য তাদের সুবিধা ও অসুবিধা দুটোতেই পড়তে হয়।
- ক)(1)
দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে?
- খ)(2)
রাষ্ট্রের জন্য সংবিধান কেন প্রয়োজন?
- গ)(3)
বাবুলের সমিতির নিয়মকানুনগুলো যে ধরনের সংবিধানকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
- ঘ)(4)
দুই সমিতির নিয়মকানুনগুলোর মধ্যে কোনটিকে তুমি উত্তম সংবিধান মনে কর? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে সংবিধান সংশোধন করতে সাধারণ আইন পাসের চেয়ে কঠিন ও বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়, তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে।
- খ)
সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। এটি সরকারের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ করে এবং শাসকদের স্বেচ্ছাচারিতা রোধ করে। এতে নাগরিকের অধিকার ও কর্তব্য লিপিবদ্ধ থাকে। সংবিধান ছাড়া রাষ্ট্রে শৃঙ্খলা ও স্থিতিশীলতা থাকে না, তাই এটি প্রয়োজন।
- গ)
বাবুলের সমিতির নিয়মকানুন মৌখিক এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তনযোগ্য। তাই এটি অলিখিত ও সুপরিবর্তনীয় সংবিধানকে নির্দেশ করে। এর বৈশিষ্ট্যগুলো হলো:
১. অলিখিত: এর নিয়মকানুন কোনো একটি দলিলে লিপিবদ্ধ থাকে না। রীতিনীতি, প্রথা ও ঐতিহ্যের ওপর নির্ভর করে।
২. নমনীয়তা: সাধারণ আইনের মতো সহজ পদ্ধতিতে একে পরিবর্তন করা যায়।
৩. সময়োপযোগিতা: পরিস্থিতি অনুযায়ী দ্রুত নতুন নিয়ম যুক্ত করা যায়।
৪. অস্পষ্টতা: লিখিত না হওয়ায় নিয়ম অনেক সময় অস্পষ্ট থাকে এবং নাগরিকের পক্ষে বোঝা কঠিন। - ঘ)
আমার মতে রফিকের সমিতির নিয়মকানুনই উত্তম সংবিধানের বৈশিষ্ট্যের কাছাকাছি।
১. সুস্পষ্টতা: রফিক নিয়মগুলো বইয়ে লিখেছেন, ফলে সদস্যরা সহজেই জানতে ও বুঝতে পারে। উত্তম সংবিধান লিখিত ও সুস্পষ্ট হয়।
২. স্থায়িত্ব: লিখিত নিয়ম সহজে বদলানো যায় না, তাই কাজে ধারাবাহিকতা থাকে।
৩. অধিকার সুরক্ষা: সদস্যদের দায়িত্ব ও অধিকার নির্দিষ্ট থাকায় কর্তৃপক্ষ স্বেচ্ছাচারী হতে পারে না।বাবুলের মৌখিক নিয়ম অস্পষ্ট ও অস্থায়ী, যা অসুবিধা সৃষ্টি করে।
সুতরাং, রফিকের সমিতির নিয়ম উত্তম সংবিধানের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও