বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
বিষ্ণুপদ তাঁর পিতার মৃত্যুর পর অধিক বয়সে রাজ্য ক্ষমতা গ্রহণ করেন। তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা, সুপণ্ডিত, বিদ্যোৎসাহী ও ধার্মিক রাজা। বার্ধক্যজনিত দুর্বলতার জন্য বিষ্ণুপদ রাজ্য পরিচালনায় আামনোযোগী হয়ে পড়েন। এ সুযোগটি নেন পার্শ্ববর্তী অঞ্চলের বীরযোদ্ধা আমজাদ খান। তিনি অতি সহজেই বিষ্ণুপদকে পরাজিত করে তাঁর রাজ্য দখল করেন। বিষ্ণুপদ অন্য এলাকায় আশ্রয় নেন। আমজাদ খাঁন বিজিত অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।
- ক)(1)
ভুক্তি কী?
- খ)(2)
সেনদের 'ব্রহ্মক্ষত্রিয়' বলা হয় কেন?
- গ)(3)
উদ্দীপকে বিষ্ণুপদ এর চারিত্রিক বৈশিষ্ট্য প্রাচীন বাংলার ইতিহাসের কোন রাজার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে আমজাদ খান ইতিহাসখ্যাত বখতিয়ার খলজির প্রতিনিধিত্ব করছে- বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
প্রাচীন বাংলার সবচেয়ে বড় প্রশাসনিক একককে ভুক্তি (প্রদেশ) বলা হতো।
- খ)
সেন বংশের রাজারা মূলত কর্ণাটক থেকে আগত ব্রাহ্মণ বংশোদ্ভূত ছিলেন। পরে তাঁরা যুদ্ধবিদ্যা ও রাজ্য শাসনকে পেশা হিসেবে গ্রহণ করে ক্ষত্রিয়ের মতো আচরণ করেন। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়—উভয় গুণের অধিকারী হওয়ায় তাঁদের ব্রহ্মক্ষত্রিয় বলা হয়।
- গ)
উদ্দীপকের বিষ্ণুপদ বয়স্ক বয়সে সিংহাসনে বসেন, ছিলেন যোদ্ধা, পণ্ডিত, বিদ্যোৎসাহী ও ধার্মিক। বার্ধক্যের কারণে রাজ্য পরিচালনায় অমনোযোগী হলে বহিরাগত শক্তি তাঁকে পরাজিত করে। প্রাচীন বাংলার সেন বংশের শেষ প্রধান শাসক লক্ষ্মণ সেনের সঙ্গে এই বৈশিষ্ট্য মিলে যায়।
লক্ষ্মণ সেনও অধিক বয়সে সিংহাসনে বসেন, বিদ্যা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু বার্ধক্যে রাজকার্যে দুর্বলতা দেখান। এই সুযোগে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন এবং তিনি পরাজিত হয়ে পালিয়ে যান।
- ঘ)
আমজাদ খান ও বখতিয়ার খলজির ভূমিকায় যথেষ্ট মিল রয়েছে।
১. বিষ্ণুপদ বৃদ্ধ হয়ে রাজ্য পরিচালনায় অমনোযোগী হলে আমজাদ খান সুযোগ নেন। তেমনি বৃদ্ধ লক্ষ্মণ সেনের দুর্বলতার সুযোগ নেন বখতিয়ার খলজি।
২. আমজাদ খান সহজেই বিষ্ণুপদকে পরাজিত করেন, বখতিয়ারও অল্প সৈন্য নিয়ে আকস্মিক আক্রমণে নদীয়া জয় করেন।
৩. বিষ্ণুপদ অন্য এলাকায় আশ্রয় নেন; লক্ষ্মণ সেনও রাজধানী ছেড়ে পূর্ব বঙ্গে পালিয়ে যান।
৪. আমজাদ খান বিজিত অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন; বখতিয়ারের বিজয়েও বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়।সুতরাং, আমজাদ খান বখতিয়ার খলজির প্রতিনিধিত্ব করছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও