ব্যবসায় উদ্যোগ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

মি. মমতাজ চট্টগ্রামের নামকরা একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। তিনি হোটেল ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি লন্ডনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। শর্ত অনুযায়ী তিনি ঐ প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিক্রি করবেন। সুনামের সাথে ব্যবসায়টি চলছিল। কিন্তু হঠাৎ আগুন লেগে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

  1. ক)

    মেধাসম্পদ কী?

    (1)
  2. খ)

    ট্রেডমার্ক বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    মি. মমতাজ কোন ধরনের চুক্তি করেছিলেন? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    মি. মমতাজের কোন ধরনের পদক্ষেপ উক্ত প্রতিষ্ঠানটি চালু রাখতে সহায়ক হতো বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ। ব্যবসায়ে প্রয়োগযোগ্য আবিষ্কার, সাহিত্য ও শিল্পকর্ম, নকশা, প্রতীক ও নাম এর অন্তর্ভুক্ত।

  2. খ)

    ব্যবসায়ে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য থেকে আলাদা করার জন্য ব্যবহৃত প্রতীককে ট্রেডমার্ক বলে। ব্র্যান্ড, নাম, শব্দ, অক্ষর, লেবেল ও রঙের সমন্বয় এর অন্তর্ভুক্ত। রেজিস্ট্রেশন করলে মালিক ওই প্রতীক ব্যবহারে একচ্ছত্র অধিকার পান এবং অনুমতি ছাড়া কেউ তা ব্যবহার করতে পারে না। রেজিস্ট্রেশন ৭ বছরের জন্য দেওয়া হয় এবং তা নবায়নযোগ্য।

  3. গ)

    মি. মমতাজ লন্ডনের প্রতিষ্ঠানের সাথে ফ্র্যানসাইজ চুক্তি করেছিলেন।

    কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং তার পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকার পাওয়ার জন্য ফ্র্যানসাইজার ও ফ্র্যানসাইজির মধ্যে যে চুক্তি হয়, তা-ই ফ্র্যানসাইজ চুক্তি। উদ্দীপকে মমতাজ লন্ডনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ওই প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিক্রি করছেন। এখানে লন্ডনের প্রতিষ্ঠানটি ফ্র্যানসাইজার এবং মমতাজ ফ্র্যানসাইজি। চুক্তিতে সাধারণত ফি, বিনিয়োগ, প্রশিক্ষণ ও এলাকা ইত্যাদি উল্লেখ থাকে।

  4. ঘ)

    আমার মতে মি. মমতাজ অগ্নি বিমা করলে প্রতিষ্ঠানটি চালু রাখা সহজ হতো।

    ১. ক্ষতিপূরণ প্রাপ্তি: পাঠ্যবই অনুযায়ী পণ্য, ঘরবাড়ি, গুদাম, কারখানা ও যন্ত্রপাতি আগুনে পুড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য অগ্নি বিমা করা হয়। নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে আগুনে ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ দেয়।
    ২. পুনরায় চালুর পুঁজি: উদ্দীপকে আগুনে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়েছে। বিমা থাকলে প্রাপ্ত ক্ষতিপূরণ দিয়ে মমতাজ যন্ত্রপাতি ও পণ্য কিনে ব্যবসায় আবার চালু করতে পারতেন।
    ৩. ঝুঁকি দূর: বিমা ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা ও অনিশ্চয়তা দূর করে ব্যবসায়কে নিরবচ্ছিন্নভাবে চালাতে সাহায্য করে। কিন্তু বিমা না থাকায় তাঁর প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

    সুতরাং, অগ্নি বিমা করলে আগুনজনিত ক্ষতি পূরণ করে মমতাজ প্রতিষ্ঠানটি চালু রাখতে পারতেন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন