ব্যবসায় উদ্যোগ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
ফরিদ সাহেব ও তার চার বন্ধুকে নিয়ে একটি সার কারখানা স্থাপন করতে চান। তাদের কারখানার জমি ও যন্ত্রপাতি ক্রয় বাবদ বেশ কিছু টাকার প্রয়োজন। তাদের সরবরাহকৃত মূলধন দিয়ে তা পূরণ সম্ভব নয় বিধায় তারা একটি বেসরকারি ব্যাংক হতে অর্থের সংস্থান করার সিদ্ধান্ত নেন। তারা তাদের প্রতিষ্ঠানটি স্থাপনের পূর্বে বাজার যাচাই ও অনুসন্ধানের মাধ্যমে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে নেন। যার প্রতিবেদন দেখে একটি বেসরকারি ব্যাংক তাদের অর্থসংস্থানে রাজি হয়। অর্থের সংস্থান হলে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেন।
- ক)(1)
প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী কী?
- খ)(2)
সম আয়-ব্যয় বিশ্লেষণ কেন করা হয়? ব্যাখ্যা কর।
- গ)(3)
ফরিদ সাহেবের ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়ায় পদ্ধতির ধরন কোনটি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
- ঘ)(4)
প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফরিদ সাহেব কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ব্যবসায়ের নির্দিষ্ট সময়ে (দৈনিক, সাপ্তাহিক বা মাসিক) কী পরিমাণ নগদ অর্থ আসছে এবং কী পরিমাণ ব্যয় হচ্ছে, তার প্রাক্কলিত হিসাবকে প্রাক্কলিত নগদপ্রবাহ বিবরণী বলে।
- খ)
সম আয়-ব্যয় বিন্দু হলো সেই পর্যায়, যেখানে মোট বিক্রয়মূল্য মোট ব্যয়ের সমান, ফলে লাভও হয় না, ক্ষতিও হয় না। এটি জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফার জন্য পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি ও মুনাফা পরিকল্পনা করা যায়। তাই সম আয়-ব্যয় বিশ্লেষণ করা হয়।
- গ)
ফরিদ সাহেবের ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের পদ্ধতিটি মাইক্রোস্ক্রিনিং (Micro-Screening)।
মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। উদ্দীপকে ফরিদ সাহেব ও তার বন্ধুরা কারখানা স্থাপনের আগে বাজার যাচাই ও অনুসন্ধানের মাধ্যমে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছেন এবং প্রতিবেদন তৈরি করেছেন। সার কারখানা উৎপাদনমুখী ব্যবসায় হওয়ায় এখানে এই পদ্ধতি প্রয়োজন।
- ঘ)
ফরিদ সাহেবের প্রকল্পে জমি ও যন্ত্রপাতি ক্রয়ের (স্থায়ী মূলধন) জন্য বড় অঙ্কের দীর্ঘমেয়াদি অর্থ দরকার। তিনি নিচের উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন:
১. নিজস্ব তহবিল: ফরিদ সাহেব ও তার চার বন্ধুর নিজেদের সরবরাহ করা মূলধন। এটি তারা ইতিমধ্যে দিয়েছেন, তবে তা যথেষ্ট নয়।
২. বাণিজ্যিক ব্যাংক: উদ্দীপকে বেসরকারি ব্যাংক প্রকল্প প্রতিবেদন দেখে অর্থায়নে রাজি হয়েছে। বাণিজ্যিক ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ দেয় এবং এটি ব্যবসায়ের প্রধান উৎস।
৩. শিল্পভিত্তিক ব্যাংক: শিল্প উন্নয়নের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. বা বেসিক ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ দেয়। সার কারখানার জন্য এটিও একটি উৎস হতে পারে।
৪. আত্মীয়-স্বজন ও বন্ধু: নিজস্ব তহবিল কম হলে এদের কাছ থেকে ঋণ নেওয়া যেতে পারে।সুতরাং, নিজস্ব তহবিলের পাশাপাশি বেসরকারি ব্যাংক ও শিল্প ব্যাংকের ঋণ থেকে ফরিদ সাহেব প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও