ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
ঘটনা-১: সমুদ্রের পানি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ঘটনা-২: নির্দিষ্ট সময় পর সমুদ্রের পানি ফুলে ওঠে ও নেমে যায়।
- ক)(1)
হিমশৈল কাকে বলে?
- খ)(2)
গ্রান্ড ব্যাঙ্ক সৃষ্টির কারণ কী?
- গ)(3)
উদ্দীপকে ঘটনা-১ এ বর্ণিত ঘটনার কারণ বর্ণনা করো।
- ঘ)(4)
উদ্দীপকে-২ এ বর্ণিত ঘটনা মানবজীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
শীতল সমুদ্রস্রোতের সাথে ভেসে আসা বিশাল বরফখণ্ডকে হিমশৈল (Iceberg) বলে।
- খ)
নিউফাউন্ডল্যান্ডের উপকূলের গ্র্যান্ড ব্যাংক সৃষ্টির কারণ হলো উষ্ণ ও শীতল স্রোতের মিলন। এ মিলনস্থলে শীতল স্রোতের সাথে আসা হিমশৈল উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায়। হিমশৈলে থাকা নুড়ি, কাঁকর ও বালি সমুদ্রতলে জমা হয়ে অগভীর মগ্নচড়া সৃষ্টি করে।
- গ)
ঘটনা-১ এ বর্ণিত ঘটনাটি হলো সমুদ্রস্রোত, অর্থাৎ সমুদ্রের পানির একটি নির্দিষ্ট গতিপথ ধরে চলাচল। এর কারণগুলো নিম্নরূপ—
১. নিয়ত বায়ুপ্রবাহ: এটিই সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ। অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর প্রবাহ অনুযায়ী প্রধান স্রোতগুলো সৃষ্টি হয়। বায়ুপ্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সাথে ঘর্ষণ তৈরি করে।
২. পৃথিবীর আহ্নিক গতি: ফেরেলের সূত্র অনুসারে সমুদ্রজল উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।
৩. সমুদ্রজলের তাপমাত্রার পার্থক্য: নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জল উপরের অংশ দিয়ে মেরুর দিকে এবং মেরু অঞ্চলের শীতল ভারী জল নিচের অংশ দিয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। - ঘ)
ঘটনা-২ এ বর্ণিত ঘটনাটি হলো জোয়ার-ভাটা। এটি মানবজীবনে নিম্নোক্ত প্রভাব ফেলে—
১. নৌ চলাচল ও বাণিজ্য: জোয়ারের সময় নদীর মোহনায় পানি বেশি থাকায় বড় সমুদ্রগামী জাহাজ নদীতে ঢুকতে পারে এবং জোয়ারের টানে সহজে সমুদ্রে ফিরে যেতে পারে। বাংলাদেশের পতেঙ্গা ও মংলা সমুদ্রবন্দর সচল রাখতে জোয়ার-ভাটার ভূমিকা আছে।
২. নদীর মোহনা পরিষ্কার রাখা: ভাটার টানে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না এবং ভূখণ্ডের আবর্জনা সমুদ্রে চলে যায়। স্রোতে নদীখাত গভীর হয়।
৩. সেচ ও বিদ্যুৎ: জোয়ারের পানি সেচে কাজে লাগে এবং ভাটার স্রোতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়।
৪. শীতপ্রধান দেশে: জোয়ারে নদীতে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে নদীর পানিকে সহজে জমতে দেয় না।সুতরাং, জোয়ার-ভাটা মানুষের যোগাযোগ, কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও