ব্যবসায় উদ্যোগ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৩

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

বাজারে নানা ধরনের চিপসের মধ্যে কেউ পছন্দ করেন ঝাল স্বাদের, আবার কেউ পছন্দ করেন বিভিন্ন ফ্লেভার দেওয়া চিপস। অনেকে আবার সস্তা, দামী এ বিষয়গুলোও বিবেচনা করেন। নতুন ব্র্যান্ডের একটি চিপস বাজারে ছাড়ার আগে জনাব রাজু এ বিষয়গুলো খেয়াল করলেন। শীতকালে প্রচুর আলু উৎপাদন হয়। এজন্য তিনি একসাথে প্রচুর আলু কিনে উপযুক্তভাবে সংরক্ষণ করেন। বাজারে পণ্য বা কাঁচামাল আনা নেয়ার জন্য দুটি ভ্যানগাড়ী কিনলেন। চিপসের প্যাকেটের আকার, স্বাদ, পরিমাণ ইত্যাদির ভিত্তিতে ভাগ করে উপযুক্তভাবে আবৃত করে, ক্রেতার কাছে পৌছান। বর্তমানে জনাব রাজুর জন্য ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর কার্যক্রম সহজ হয়ে গেছে।

  1. ক)

    মধ্যস্থ কারবারি কাকে বলে?

    (1)
  2. খ)

    পণ্যের মালিকানা সৃষ্টি হয় কীভাবে? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    নতুন চিপস বাজারে ছাড়ার আগে জনাব রাজু বিপণনের কোন কাজটি করলেন? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    "জনাব রাজুর গৃহীত কার্যক্রমগুলো বিপণনের প্রক্রিয়াকে সহজ করে"- মূল্যায়ন করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যারা উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং পণ্য ক্রয়-বিক্রয়ে সহায়তা করে, তাদের মধ্যস্থ কারবারি বলে। যেমন পাইকার ও খুচরা ব্যবসায়ী।

  2. খ)

    পণ্য ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। নিজের ব্যবহার বা পুনর্বিক্রয়ের জন্য কেউ পণ্য বা সেবা ক্রয় করলে সে পণ্যের মালিকানা পায়। আবার বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়।

  3. গ)

    চিপস বাজারে ছাড়ার আগে জনাব রাজু বিপণনের ভোক্তা বিশ্লেষণ (Consumer Analysis) কাজটি করেছেন।

    ভোক্তার রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করাকে ভোক্তা বিশ্লেষণ বলে। রাজু লক্ষ করেছেন কেউ ঝাল স্বাদ, কেউ বিভিন্ন ফ্লেভার পছন্দ করে এবং কেউ দাম বিবেচনা করে। এভাবে তিনি ক্রেতাদের পছন্দ-অপছন্দ জেনেছেন। এতে ব্যবসায়িক ঝুঁকি কমে।

  4. ঘ)

    "জনাব রাজুর কার্যক্রমগুলো বিপণনের প্রক্রিয়াকে সহজ করে"—উক্তিটি যথার্থ। রাজুর কাজগুলো বিপণনের বিভিন্ন কার্যাবলির অন্তর্ভুক্ত:

    ১. ভোক্তা বিশ্লেষণ: ক্রেতার রুচি ও দামের পছন্দ বিবেচনা করে চিপস তৈরি করায় পণ্য বিক্রি সহজ হয়েছে।
    ২. ক্রয় ও গুদামজাতকরণ: শীতকালে প্রচুর আলু কিনে সংরক্ষণ করায় সারা বছর কাঁচামাল পাওয়া যায়। এতে সময়গত উপযোগ সৃষ্টি হয়।
    ৩. পরিবহন: ভ্যানগাড়ি দিয়ে কাঁচামাল ও পণ্য আনা-নেওয়ায় স্থানগত উপযোগ সৃষ্টি হয় এবং ক্রেতার কাছে পণ্য দ্রুত পৌঁছায়।
    ৪. পর্যায়িতকরণ ও মোড়কীকরণ: আকার, স্বাদ ও পরিমাণ অনুযায়ী ভাগ করে মোড়কে আবৃত করায় পণ্য আকর্ষণীয় হয়, নষ্ট হয় না এবং বিক্রি সহজ হয়।

    সুতরাং, রাজুর এসব কার্যক্রম উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর কাজকে সহজ করেছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন