ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
প্রিতম, শুভ ও সিফাত সমঝোতার ভিত্তিতে রহিম গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করেন। সিফাত মূলধন বিনিয়োগ না করলেও ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম ছড়িয়ে রয়েছে। অপরদিকে, প্রিতমের আকস্মিক মৃত্যুতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
- ক)(1)
প্রিমিয়াম কী?
- খ)(2)
অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে, নয়"-উক্তিটি ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে সিফাত কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে রহিম গার্মেন্টস বন্ধ হওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বিমাচুক্তি অনুযায়ী বিমাগ্রহীতা এককালীন বা নিয়মিত কিস্তিতে বিমাকারীকে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, তাকে প্রিমিয়াম বলে।
- খ)
অংশীদারি সম্পর্ক চুক্তি থেকে সৃষ্টি হয়, সামাজিক মর্যাদা বা পারিবারিক সম্পর্ক থেকে নয়। দুই বা ততোধিক যোগ্য ব্যক্তি মুনাফা অর্জন ও বণ্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হলেই কেবল অংশীদারি ব্যবসায় গঠিত হয়। ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী চুক্তি মৌখিক বা লিখিত হতে পারে। চুক্তিতে মূলধন সরবরাহ, লাভ-লোকসান বণ্টন, দায়িত্ব ও অধিকার নির্ধারিত থাকে। শুধু ভাই-বোন, বন্ধু বা আত্মীয় হওয়ার কারণে অংশীদারি সম্পর্ক গড়ে ওঠে না। তাই চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি।
- গ)
উদ্দীপকে সিফাত নামমাত্র অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন না, ব্যবসায় পরিচালনায়ও অংশ নেন না, কিন্তু চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেন, তাঁকে নামমাত্র অংশীদার বলে। উদ্দীপকে সিফাত মূলধন বিনিয়োগ না করলেও তাঁর সুনাম ব্যবসায়ে কাজে লাগছে। তাই তিনি নামমাত্র অংশীদার। এই অংশীদারের দায় সাধারণ অংশীদারের মতো অসীম নয়। তবে কোনো তৃতীয় পক্ষ তাঁকে অংশীদার মনে করে ঋণ দিলে এবং তা প্রমাণ করতে পারলে তিনি সাধারণ অংশীদারের মতো দায়ী হবেন।
- ঘ)
রহিম গার্মেন্টস বন্ধ হওয়ার কারণ প্রিতমের আকস্মিক মৃত্যু।
১. অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী চুক্তিতে উল্লেখ থাকলে কোনো অংশীদারের মৃত্যু হলে ব্যবসায়ের বিলোপসাধন ঘটতে পারে। একে বিশেষ ঘটনাসাপেক্ষ বিলোপসাধন বলে।
২. অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলেও এর কোনো পৃথক আইনগত সত্তা সৃষ্টি হয় না। ব্যবসায় ও অংশীদাররা আইনের চোখে অভিন্ন, তাই এর স্থায়িত্ব অংশীদারদের ওপর নির্ভরশীল।
৩. প্রিতম, শুভ ও সিফাত চুক্তির ভিত্তিতে ব্যবসায়টি গড়েছিলেন। প্রিতমের মৃত্যুতে এই চুক্তিভিত্তিক সম্পর্ক ভেঙে যায় এবং কার্যক্রম বন্ধ হয়।
সুতরাং, পৃথক আইনগত সত্তার অভাব এবং অংশীদার প্রিতমের মৃত্যুই রহিম গার্মেন্টস বন্ধ হওয়ার মূল কারণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও