বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Jashore Board • যশোর বোর্ড ২০২৩
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
আগরতলা মামলার সরকারি নাম কী?
- খ)(2)
যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল?
- গ)(3)
চিত্রে প্রদর্শিত ব্যক্তিগণ কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"উক্ত আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে" বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আগরতলা মামলার সরকারি নাম ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য’।
- খ)
মুসলিম লীগের শাসনকে পরাজিত করার জন্য ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের ব্যর্থ শাসন, অভ্যন্তরীণ কোন্দল ও অঞ্চলভেদে বৈষম্যমূলক নীতির কারণে নতুন নতুন দল গঠিত হয়। এগুলো আলাদাভাবে লড়ে মুসলিম লীগকে হারানো কঠিন ছিল। তাই ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টিসহ বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে এবং ২১ দফা ঘোষণা করে।
- গ)
চিত্রে প্রদর্শিত ব্যক্তিগণ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন।
চিত্রে পাঁচজন ভাষাশহিদ, অর্থাৎ আব্দুস সালাম, আবুল বরকত, আবদুল জব্বার, শফিউর রহমান ও রফিকউদ্দিন আহমেদের প্রতিকৃতি দেখা যাচ্ছে। পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে বাঙালিরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে মিছিল করলে পুলিশ গুলি চালায়। এতে বরকত, রফিক, জব্বার ঘটনাস্থলে শহিদ হন, সালাম ৭ এপ্রিল এবং শফিউর ২২ ফেব্রুয়ারি শহিদ হন।
- ঘ)
ভাষা আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেছিল— উক্তিটি যথার্থ।
১. ভাষা আন্দোলন ছিল পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ এবং বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি বুঝতে পারে, পাকিস্তানে তাদের ভাষা, সংস্কৃতি ও অর্থনীতি নিরাপদ নয়।
২. আন্দোলনের চাপে ১৯৫৬ সালের সংবিধানে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়। এই সাফল্য বাঙালিকে সংঘবদ্ধ হয়ে অধিকার আদায়ের সাহস জোগায়। এরপর ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগ ভরাডুবি হয়।
৩. পরবর্তীকালে ছয় দফা, আগরতলা মামলা ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এই চেতনারই ধারাবাহিকতা। শেষ পর্যন্ত এর চূড়ান্ত পরিণতিতে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
সুতরাং, ভাষা আন্দোলনের সফলতা বাঙালির আত্মপরিচয় ও আত্মবিশ্বাস জাগিয়ে স্বাধীনতার পথ প্রস্তুত করেছিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও